কিয়েভে রাশিয়ান হামলা বন্ধ হয়েছে: জেলেনস্কির উপদেষ্টা

স্টার অনলাইন ডেস্ক

রাশিয়ান বাহিনী কিয়েভের দিকে আর অগ্রসর হচ্ছে না  বলে উল্লেখ করে ইউক্রেনের রাষ্ট্রপতির একজন উপদেষ্টা দাবি করেছেন, মস্কো আক্রমণ শুরুর পর থেকে প্রায় সাড়ে ৩ হাজার রুশ সেনা নিহত ও আহত হয়েছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্টোভিচ বলেছেন, 'আমরা কিয়েভের চারপাশ থেকে শত্রুকে আঘাত হানছি। শত্রুপক্ষও আপাতত সেখান থেকে এগুচ্ছে না।'
 
তবে ইউক্রেনের এই দাবির পক্ষে মস্কো থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এ ছাড়া ইউক্রেনের দাবি করা আহত ও নিহতের সংখ্যা যাচাই করা সম্ভব হয়নি বলেও জানিয়েছে আল জাজিরা।

তবে পরিস্থিতি মোকাবিলায় রাজধানী কিয়েভে আগামী সোমবার সকাল পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে দেশটির কর্তৃপক্ষ।  

শনিবার রাতে এই ঘোষণা দিয়ে বলা হয়েছে, কারফিউ চলাকালীন রাস্তায় থাকা সব বেসামরিক নাগরিককে শত্রুপক্ষের সদস্য হিসাবে বিবেচনা করা হবে। তবে তার আগে মেয়রের কার্যালয় থেকে দেওয়া এক ঘোষণায় স্পষ্ট করে বলা হয়েছিল যে, প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

সোমবার স্থানীয় সময় সকাল ৮টার আগে কারফিউ প্রত্যাহার করা হবে না।

গত ২১ ফেব্রুয়ারি সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশপন্থী বিদ্রোহী নিয়ন্ত্রিত ইউক্রেনের দুই অঞ্চল দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন। সেখানে 'শান্তি রক্ষায়' সেনা পাঠানোর নির্দেশ দেন তিনি। এরপর উত্তেজনা নতুন মাত্রা পায়। একই সঙ্গে 'প্রজাতন্ত্র' দুটিতে রুশ সেনাদের 'শান্তিরক্ষী' হিসেবে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি। পুতিনের এই পদক্ষেপের পর পশ্চিমাদের পক্ষ থেকে বলা হয়, রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরু করে দিয়েছে। এখন ইউক্রেনে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুরু সময়ের ব্যাপারমাত্র।

এরপর গত ২৪ ফেব্রুয়ারি সকালে টেলিভিশনে দেওয়া এক ভাষণে পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। সামরিক অভিযান শুরুর ঘোষণা দিয়ে পুতিন পূর্ব ইউক্রেনে থাকা ইউক্রেনের সেনাদের অস্ত্র ত্যাগ করে ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।