ইউক্রেন: প্রতিরোধের ৭২ ঘণ্টা

স্টার অনলাইন ডেস্ক

এক এক করে আজ চতুর্থ দিনে পড়েছে ইউক্রেনে প্রতিবেশী রাশিয়ার আগ্রাসন। সামরিক দিকে থেকে বিশ্বের অন্যতম শক্তিধর রাশিয়ার চেয়ে ইউক্রেন অনেক অনেক পিছিয়ে।

ইউক্রেনের সামরিক গোয়েন্দাদের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রাশিয়া ভেবেছিল তাদের কয়েক ঘণ্টার উপর্যুপরি আক্রমণে ইউক্রেন সরকারের পতন ঘটবে। তাদের হাতে চলে আসবে পুরো দেশ।

কিন্তু, বাস্তবে তা হয়নি।

গত ৪ দিনে ইউক্রেনের ছোট-বড় বেশ কয়েকটি শহর রাশিয়া দখল করে নিয়েছে। এর মধ্যে আজ রোববার দখল করেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। এটি রাশিয়ার সীমান্তবর্তী ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলীয় শহর।

তবে, খারকিভে রুশ বাহিনী প্রতিরোধের মুখে পড়েছে বলেও জানিয়েছে বিশ্ব গণমাধ্যম। সেখানে রুশ বাহিনীর অন্তত ২টি সামরিকযান ধ্বংসের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে।

ukraine_solders.jpg
ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধ। ছবি: টুইটার থেকে নেওয়া

এমন পরিস্থিতিতে আজ স্থানীয় সময় সকাল ১১টা ২০ মিনিটে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ 'প্রতিরোধের ৭২ ঘণ্টা' শিরোনামে টুইটে বলেছেন, 'গত ৭২ ঘণ্টার প্রতিরোধ বিশ্ববাসীর কাছে প্রমাণ করেছে যে রাশিয়ার আগ্রাসন ঠেকিয়ে দেওয়া সম্ভব।'

তিনি আরও বলেন, 'বিশ্ববাসী বিশ্বাসই করতে পারেনি। তারা সন্দেহের মধ্যে আছে। কিন্তু, আমরা শুধু প্রতিরোধই করেনি, আত্মবিশ্বাসের সঙ্গে রাশিয়ার দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।'

ওলেকসি রেজনিকভ বলেন, 'বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিয়েছি। রাশিয়াকে ভয় পাওয়ার কিছু নেই। সোজা হয়ে দাঁড়ান। প্রতিরোধ করুন! সহায়তা দিলে ইউক্রেন আরও শক্তিশালী হবে! আপনাদের নিরাপত্তা এখন আমাদের (নিরাপত্তার) ওপর নির্ভর করছে!'