ইউক্রেনের দক্ষিণাঞ্চলের ২ শহর সম্পূর্ণ অবরুদ্ধ: রাশিয়া

স্টার অনলাইন ডেস্ক 

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আজ রোববার এক বিবৃতিতে রুশ সামরিক বাহিনী দক্ষিণ ইউক্রেনের ২ শহর খেরসন ও বারডিয়ানস্কের কাছাকাছি অবস্থান গ্রহণ করার দাবি জানিয়েছে।  


মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেঙ্কভ জানান, রুশ বাহিনী খেরসন ও বারডিয়ানস্ককে 'পুরোপুরি অবরুদ্ধ' করেছে।

  
তিনি আরও দাবি করেন, দক্ষিণাঞ্চলের শহর হেনিচেস্ক ও খেরসনের কাছাকাছি অবস্থিত চের্নোবায়েভকা বিমানঘাঁটির নিয়ন্ত্রণও নিয়েছে রুশরা।  


প্রেসিডেন্ট পুতিনের নির্দেশে রুশ বাহিনী ইউক্রেন আক্রমণের শুরু থেকেই খেরসনে চলছে তুমুল যুদ্ধ। কৌশলগত কারণে এ এলাকার একটি সেতুর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য রুশ বাহিনী তীব্র আক্রমণ চালিয়ে যাচ্ছে। গত বৃহস্পতিবার রাতে খেরসনের রাস্তায় রাশিয়ান ট্যাংক এবং স্বল্প উচ্চতায় যুদ্ধ উড়োজাহাজ উড়তে দেখা যায়, যা বাসিন্দাদের আতংকিত করে।  


তবে সিএনএন জানিয়েছে তাদের পক্ষে তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। 

 
রাশিয়ার বিবৃতিতে আরও দাবি করা হয়, ইউক্রেনের সেনাবাহিনীর একটি বড় অংশ সহিংসতা চালিয়ে যাওয়ার বিপক্ষে অবস্থান নিয়েছেন।  


কোনাশেঙ্কভ আরও জানান, খারকিভ অঞ্চলে ইউক্রেনের উড়োজাহাজ হামলা প্রতিরক্ষা বাহিনীর একটি রেজিমেন্ট আত্মসমর্পণ করেছেন এবং ৪৭১ জন্য সার্ভিসম্যানকে আটক করা হয়েছে।  


রুশ জাতীয় টেলিভিশনে বেশ কয়েকবার আটক সার্ভিসম্যানদের ভিডিও ফুটেজ দেখানো হয়েছে। ফুটেজে দেখা যায় কিছু সদস্য সহিংসতার অবসান চেয়ে নথিতে সাক্ষর করছেন।