সারের মূল্য বৃদ্ধি নিয়ে উভয় সংকটে সরকার: কৃষিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

বিশাল ভর্তুকির চাপ সামাল দিতে সারের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বিষয়ে সরকার উভয় সংকটে আছে বলে আজ এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন।

সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'সারের মূল্যবৃদ্ধির বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী চিন্তিত। এটা নিয়ে কী করা যায় সেটা নিয়ে চিন্তা-ভাবনা চলছে।'

তিনি আরও বলেন, 'এ বছর সারে ভর্তুকি বাবদ ৯ হাজার ৫০০ কোটি টাকা আছে। কিন্তু আন্তর্জাতিক বাজারে বিভিন্ন ধরনের সারের দাম বৃদ্ধি কারণে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে। এ কারণে অর্থ মন্ত্রণালয় ভর্তুকি কমানোর জন্য চাপ দিচ্ছে।'

সারের দাম বৃদ্ধি পেলে খাদ্যদ্রব্যের মূল্যও বেড়ে যাবে, আবার ভর্তুকি না কমালে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থ সংকট দেখা দেবে। এ কারণেই সরকার উভয় সংকটে আছে বলে উল্লেখ করেন মন্ত্রী।