‘বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল নষ্ট করে ইঁদুর’
ইঁদুর বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকার ফসল নষ্ট করে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
আজ জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ তথ্য জানান সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
তিনি বলেন, 'প্রতিনিয়ত ইঁদুর কৃষকের কষ্টার্জিত ফসলের কয়েকগুণ নষ্ট করে থাকে। এ ক্ষতির পরিমাণ বছরে প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা।'
তিনি আরও বলেন, 'গত বছর প্রায় ১ কোটি ১৯ লাখ ৮৪ হাজার ইঁদুর নিধনের মাধ্যমে প্রায় ৮৯ হাজার ৮৭৬ মেট্রিক টন ফসল রক্ষা করা সম্ভব হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৩৬০ কোটি টাকা।'
তিনি আরও জানান, ২০১৯ সালেও ইঁদুর নিধন অভিযানের মাধ্যমে প্রায় ১ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ইঁদুর নিধন করে ৩০০ কোটি টাকার ফসল রক্ষা করা হয়েছিল।
ইঁদুরের ব্যাপক ক্ষতি থেকে ফসলকে রক্ষা করার পাশাপাশি ইঁদুর নিধন কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান সিনিয়র সচিব মো. মেসবাহুল ইসলাম।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর মাসব্যাপী এ ইঁদুর নিধন অভিযান পরিচালনা করে থাকে।