সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর ঘোষণা দিলেন শাহবাজ শরীফ
পাকিস্তানের সরকারি কর্মচারীদের ন্যূনতম বেতন বাড়িয়ে ২৫ হাজার রূপি করার ঘোষণা দিয়েছে দেশটির নতুন প্রধানমন্ত্রী পাকিস্তান মুসলিম লিগ–নওয়াজের (পিএমএল–এন) প্রেসিডেন্ট শাহবাজ শরীফ।
প্রধানমন্ত্রী হিসেবে সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন বলে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।
১ এপ্রিল থেকেই এ ন্যূনতম বেতন কার্যকর হবে বলে ঘোষণা দেন তিনি।
পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজয়ের মাধ্যমে গত শনিবার রাতে প্রধানমন্ত্রীর পদ হারান পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান।
পরে সোমবার পার্লামেন্টের বিরোধী দলের যৌথ প্রার্থী শাহবাজ শরীফ পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।
অ্যাসেম্বলিতে প্রথম বক্তৃতায় শাহবাজ বলেন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো কোনো প্রধানমন্ত্রীকে অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে।
তিনি জানান, ত্রাণ কর্মসূচির আওতায় সরকারি ইউটিলিটি স্টোরগুলোতে সস্তায় গম দেওয়া হবে।
এছাড়া যুবকদের ল্যাপটপ সরবরাহ করা হবে এবং বেনজির কার্ড চালু করা হবে বলে জানান তিনি।
পাকিস্তানের অর্থনীতি সম্পর্কে শাহবাজ বলেন, পাকিস্তানকে যদি উন্নতি করতে হয়, তাহলে আর্থিক খাতে স্বয়ংসম্পূর্ণ হতে হবে।
'...আমাদের জাতিকে রক্ষা করতে হবে এবং সম্মান করতে হবে। কেউ বিশ্বাসঘাতক ছিলেন না এবং এখনো কেউ বিশ্বাসঘাতক নেই,' বলেন তিনি।
প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, 'পাকিস্তানের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে সরকারকে "সংলাপ" চালিয়ে যেতে হবে। অচলাবস্থার দিকে যাওয়া যাবে না।'
আসেম্বলিতে তিনি বলেন, 'পাকিস্তানের অগ্রগতির জন্য কঠোর পরিশ্রমের প্রয়োজন ছিল। শুধু বিবৃতি দিয়েই যদি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যেতে, তাহলে পিটিআইয়ের আমলে আমরা বিশ্বের নেতৃস্থানীয় দেশগুলোর মধ্যে থাকতাম।'
'আমাদের একসঙ্গে কাজ করার মাধ্যমে আগের সরকারের সব প্রভাব মুছে ফেলতে হবে। না হলে আমরা ব্যর্থ হব। আমাদের অর্থনীতি এই মুহূর্তে খুব খারাপ অবস্থায় আছে,' বলেন প্রধানমন্ত্রী শাহবাজ।
তিনি আরও বলেন, 'নতুন সরকার পাকিস্তানকে 'বিনিয়োগকারীদের জন্য স্বর্গ" হিসেবে তৈরি করার জন্য কাজ করবে।'
তিনি বলেন, পাঞ্জাব "বড় ভাই" হতে পারে। তবে যদি অন্যান্য প্রদেশগুলোতে উন্নয়ন কম হয়, তবে তা পাকিস্তানের উন্নয়ন নয়। এটি কেবল এক প্রদেশের উন্নয়ন।
'...পাকিস্তানের সেবকরা প্রতিশ্রুতি দিয়েছেন যে পাকিস্তানের উন্নয়ন হবে, শুধু পাঞ্জাবের নয়,' শাহবাজ বলেন।


