প্রধানমন্ত্রী পদে মনোনয়নপত্র জমা দিলেন শাহবাজ শরীফ, কোরেশি

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের বিরোধী জোটের প্রার্থী এবং পিএমএল-এন সভাপতি শাহবাজ শরীফ এবং পিটিআইয়ের শাহ মাহমুদ কোরেশি প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ রোববার বিকেলে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

এর আগে, গতকাল শনিবার রাতে দেশটির সুপ্রিম কোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। এতে ইমরানের বিপক্ষে ১৭৪টি ভোট পড়ে। পার্লামেন্টের ৩৪২ আসনের মধ্যে ইমরান খানের সরকারের পতনের জন্য ১৭২ জনের সমর্থনের প্রয়োজন ছিল। ফলে, প্রধানমন্ত্রীর পদটি শূন্য হয়ে যায়।

নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের জন্য আগামীকাল (সোমবার) দুপুর ২টায় জাতীয় পরিষদের অধিবেশন অনুষ্ঠিত হবে।

শাহবাজ শরীফ, শহীদ খাকান আব্বাসি, সৈয়দ নাভিদ কামার, খুরশিদ আহমেদ শাহ, মহসিন দাওয়ার অন্যদের সঙ্গে নিয়ে জাতীয় পরিষদ সচিবালয়ে মনোনয়নপত্র জমা দেন। তিনি প্রধানমন্ত্রীর জন্য যৌথ বিরোধী দলের প্রার্থী।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহবাজ শরীফ বলেন, জাতীয় সম্প্রীতিই হবে তার সর্বোচ্চ অগ্রাধিকার।

পিএমএল-এন নেতা বলেন, তিনি বিরোধী নেতাদের সঙ্গে পরামর্শের পরে একটি নতুন মন্ত্রিসভা গঠন করবেন। তারা একটি নতুন যুগের সূচনা করবেন।]

বিদেশনীতি প্রসঙ্গে শাহবাজ বলেন, তারা ভারতের সঙ্গে শান্তি চায়, কিন্তু কাশ্মীর সমস্যার সমাধান ছাড়া তা সম্ভব নয়।