শনিবারের অধিবেশনেই ইমরানের বিরুদ্ধে অনাস্থা ভোট
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টে আগামীকাল শনিবার অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হবে। সুপ্রিম কোর্টের গতকালের আদেশ অনুযায়ী শনিবার সকাল সাড়ে ১০টায় এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
আজ শুক্রবার পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির জারি করা আলোচ্যসূচিতে বিষয়টি জানানো হয়েছে.
পাকিস্তানি গণমাধ্যম জিওনিউজের প্রতিবেদনে বলা হয়, আলোচ্যসূচিতে উল্লেখ করা ৬টি বিষয়ের মধ্যে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি চতুর্থ অবস্থানে রয়েছে।
দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার সরকারি সিদ্ধান্ত এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজে ডেপুটি স্পিকার কাসিম সুরির সিদ্ধান্তের বিষয়ে শুনানি শেষে পাকিস্তানের সুপ্রিম কোর্ট গতকাল পার্লামেন্ট পুনর্বহালের আদেশ দেন।
একই সময়ে আদালত শনিবার পার্লামেন্টের অধিবেশন আহ্বানের নির্দেশ দেন।
অধিবেশনে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোটগ্রহণ করতে শীর্ষ আদালত স্পিকার আসাদ কাসিরকে নির্দেশ দিয়েছেন।
সুপ্রিম কোর্ট আদেশে বলেন, 'পার্লামেন্ট সবসময় ছিল এবং থাকবে।'
আদালত আরও বলেন, 'অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে বা অনাস্থা প্রস্তাব পাস হওয়ার পর নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেও স্পিকার পার্লামেন্ট স্থগিত করতে এবং অধিবেশন বন্ধ করতে পারবেন না।'
'কোনো সদস্যকে ভোট প্রদানে বাধা দেওয়া হবে না। অনাস্থা প্রস্তাব ব্যর্থ হলে সরকার তার কার্যাবলী চালিয়ে যাবে,' বলেন তিনি।
আদালতের আদেশে বলা হয়, '...যদি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস হয়, তাহলে পার্লামেন্ট নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করবে।'

