বিতর্কিত রায় বিচার বিভাগ ও নির্বাচনকে বিতর্কিত করবে: বিলাওয়াল ভুট্টো
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজের সিদ্ধান্তের বিষয়ে রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট। এ অবস্থায় পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি বলেছেন যে বিতর্কিত রায় পার্লামেন্ট, বিচার বিভাগ ও আসন্ন নির্বাচনকে বিতর্কিত করবে।
বৃহস্পতিবার জিও নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে বিলাওয়াল ভুট্টো এ হুঁশিয়ারি দিয়েছেন।
এ সময় তিনি অনাস্থা প্রস্তাবে ডেপুটি স্পিকারের 'প্রয়োজনের খাতিরে' সিদ্ধান্ত নেওয়ার যুক্তি প্রত্যাখান করেন বলে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ জানিয়েছে।
বিলাওয়াল বলেন, 'অতীতে, আমরা "প্রয়োজনীয়তার" তত্ত্ব দেখেছি যা এখন গ্রহণযোগ্য নয়। তাই আমাদের কেবল পাকিস্তানের সংবিধানের দিকে তাকানো উচিত।'
তিনি বলেন, 'আমরা চাই ডেপুটি স্পিকারের অসাংবিধানিক রায়ের বিষয়ে আদালতের রায় সংবিধান অনুযায়ী হোক।'
'এটা আমার বা ইমরান খানের পক্ষে হওয়া উচিত নয়,' যোগ করেন তিনি।
পিপিপি চেয়ারপারসন বলেন, 'প্রধানমন্ত্রী ইমরান খান পাকিস্তানের সংবিধান বাতিল করে এখন লুকিয়ে পড়েছেন।'
'আমাদের আশা (বিচার বিভাগ) এই সাংবিধানিক সংকট থেকে দেশকে বের করে আনবে। আমরা বিশ্বাস করি আদালতের সিদ্ধান্ত দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং প্রতিষ্ঠানগুলিকে বিতর্কিত অবস্থান থেকে মুক্ত করবে,' বলেন তিনি।
দেশে স্বচ্ছ নির্বাচনের জন্য নির্বাচনী সংস্কার প্রয়োজন বলে এ সময় মত প্রকাশ করেন তিনি।
তিনি বলেন, নির্বাচনী সংস্কারের মাধ্যমে আমরা গত ৩০ বছর ধরে যে সংকটের সম্মুখীন হয়ে আসছি তা থেকে বেরিয়ে আসতে পারি।
'কিন্তু প্রধানমন্ত্রী ইমরান খান অসাংবিধানিক উপায়ে সংসদ ভেঙে দিয়েছেন। বিরোধীরা তাই নির্বাচনী সংস্কারের জন্য সময় পায়নি,' বলেন বিলাওয়াল।
