ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ: সুপ্রিম কোর্টের রায়ের অপেক্ষায় পাকিস্তান

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করতে ডেপুটি স্পিকারের সিদ্ধান্তের বৈধতা নিয়ে একটি স্বতঃপ্রণোদিত মামলার রায় দিতে যাচ্ছেন দেশটির সুপ্রিম কোর্ট।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় এই রায় দেওয়ার কথা। পাকিস্তানের গণমাধ্যমে ডন এ তথ্য জানিয়েছে।

এছাড়া প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতির জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার বিষয়েও সুপ্রিম কোর্ট রায় দেবেন।

এ রায়কে কেন্দ্র করে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে দেশটির সুপ্রিম কোর্টের বাইরে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

277889525_323349353043946_7271752331043098837_n.jpg
পাকিস্তানের সুপ্রিম কোর্ট। ছবি: রয়টার্স

প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়ালের নেতৃত্বে বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার ও বিচারপতি জামাল খান মান্দোখেলের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বেঞ্চ এ মামলার শুনানি করছেন।

এর আগে দিনে প্রধান বিচারপতি উমর আতা বন্দিয়াল বলেছেন, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরির সিদ্ধান্ত স্পষ্টতই ত্রুটিপূর্ণ ছিল।