অনাস্থা প্রস্তাব খারিজ ত্রুটিপূর্ণ ছিল: পাকিস্তানের প্রধান বিচারপতি

স্টার অনলাইন ডেস্ক

পাকিস্তানের প্রধান বিচারপতি (সিজেপি) উমর আতা বন্দিয়াল বলেছেন, গত ৩ এপ্রিল প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করে জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি যে সিদ্ধান্ত দিয়েছেন, তা স্পষ্টতই ত্রুটিপূর্ণ ছিল।

আজ বৃহস্পতিবার তিনি এ কথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়াল বলেছেন, সুরির দেওয়া আদেশে সংবিধানের ৯৫ অনুচ্ছেদ লঙ্ঘিত হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। 

তিনি আরও বলেন, 'আসল প্রশ্ন হলো, সামনে কী ঘটবে। এখন কীভাবে এগিয়ে যেতে হবে, সে বিষয়ে পিএমএল-এন কৌঁসুলি এবং পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল (এজিপি) খালিদ জাভেদ খান আদালতকে পরামর্শ দেবেন।'

আদালত আজই রায় দেবেন উল্লেখ করে তিনি বলেন, 'আমাদের জাতীয় স্বার্থ দেখতে হবে'।

৩ এপ্রিল পার্লামেন্টে প্রধানমন্ত্রী ইমরানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব আনলে ডেপুটি স্পিকার কাসিম সুরি তা বাতিল করে দিয়েছিলেন। ডেপুটি স্পিকারের ওই আদেশের বৈধতা নিয়ে প্রধান বিচারপতি বান্দিয়ালের নেতৃত্বে স্বতঃপ্রণোদিত (সুয়োমোটো) শুনানি চলছে। ৫ সদস্যের এই বেঞ্চে আরও আছেন বিচারপতি ইজাজুল আহসান, বিচারপতি মাজহার আলম মিয়াঁখেল, বিচারপতি মুনিব আখতার এবং বিচারপতি মন্দোখেল। পকিস্তানের স্থানীয় সময় আজ সন্ধ্যা সাড়ে ৭টায় সুপ্রিম কোর্ট রায় ঘোষণা করতে পারেন বলে দেশটির গণমাধ্যমের খবরে জানানো হয়েছে।

এদিকে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ডেপুটি স্পিকার কাসিম সুরি খারিজ করলেও, সুপ্রিম কোর্টের শুনানিতে দেওয়া আদেশের কপিতে স্পিকার আসাদ কায়সারের সই দেখা গেছে। আজ শুনানি চলাকালে বিচারপতি জামাল খান মান্দোখেল বিষয়টি নজরে আনেন।

আদালতের সম্ভাব্য ৪ সিদ্ধান্ত

পাকিস্তানের চলমান সংকট নিয়ে আদালত এখন ৪ ধরনের সিদ্ধান্ত জানাতে পারেন।

১. আদালত পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা বাতিল করে ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এগিয়ে নেওয়ার আদেশ দিতে পারেন।

২. ইমরান খানের দল যেমনটা চাইছে সেভাবে নতুন নির্বাচনে আদালত সম্মতি জানাতে পারেন।

৩.  সংবিধান লঙ্ঘনের দায়ে ইমরান খানকে পদচ্যুত করার আদেশ দিতে পারেন আদালত।

৪. পার্লামেন্টের ব্যাপারে আদালত হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত নিতে পারেন।