৩ মাসে প্রায় ২০০ স্ক্রিপ্টের প্রস্তাব পান নওয়াজউদ্দিন সিদ্দিকি
বলিউডের মেধাবী অভিনেতাদের একজন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তিনি সময় নিয়ে গুছিয়ে কাজ করতে পছন্দ করেন। এই অভিনেতা সম্প্রতি জানিয়েছেন, গত ৩ মাসে তাকে প্রায় ২০০টি স্ক্রিপ্টের প্রস্তাব দেওয়া হয়। যার মধ্যে তিনি মাত্র ৫টি বেছে নিয়েছেন।
আজ শুক্রবার টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
একটি নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে নওয়াজউদ্দিন জানান, গত তিন মাসে প্রায় ২০০টি স্ক্রিপ্টের জন্য তার সঙ্গে যোগাযোগ করা হয়। তবে, অনেক আলোচনার পর তিনি মাত্র ৫টি বেছে নেন।
নওয়াজউদ্দিন মনে করেন, তিনি এমন কেউ নন যাকে খ্যাতি বা অর্থের পিছনে ছুটতে হবে। তিনি সবসময় চরিত্র নির্ভর সিনেমাতে অভিনয় করতে পছন্দ করেন। সিনেমার কনটেন্ট তার কাছে বিবেচ্য নয়। তিনি এমন চরিত্র বেছে নেন যা তার জন্য অস্বস্তির কারণ হবে না।
নওয়াজউদ্দিন বলেন, প্রথমে তিনি সিনেমার সারাংশ শোনেন। তারপর ভালো লাগলে পুরো গল্প শোনেন।
কাজের দিক থেকে নওয়াজকে আহমেদ খানের 'হিরোপান্তি ২' সিনেমায় দেখা যাবে। এতে তিনি তারা সুতারিয়ার সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন টাইগার শ্রফ। নওয়াজকে নেতিবাচক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।