স্পেনে ছুটিতে প্রভাস, ছোটখাটো অস্ত্রোপচার
সম্প্রতি মুক্তি পেয়েছে 'বাহুবলী' তারকা প্রভাসের নতুন সিনেমা 'রাধে শ্যাম'। তবে, এই অভিনেতা বর্তমানে স্পেনে আছেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, সেখানে তিনি চিকিৎসা নিচ্ছেন।
সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক মাস আগে আসন্ন সিনেমা সালারের শুটিংয়ে আহত হন প্রভাস। সেই চোটের চিকিৎসা চলতে থাকায় বার্সেলোনায় তার অস্ত্রোপচার হয়েছে বলে মনে করা হচ্ছে। ছোটখাটো অপারেশন হওয়া সত্ত্বেও চিকিৎসকের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাকে সম্পূর্ণ বিশ্রাম নিতে বলা হয়েছে।
প্রভাসের সদ্য মুক্তি পাওয়া 'রাধে শ্যাম' দর্শকের মাঝে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। এজন্য তার বেশিরভাগ ভক্ত মনে করেন, তিনি নিজেকে মিডিয়ার নজর থেকে দূরে রাখতে চান। তবে, প্রভাসের অস্ত্রোপচারের খবরের পর ভক্তরা তার দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রভাস 'রাধে শ্যাম' সিনেমায় মূল ভূমিকায় অভিনয় করেছেন। প্রভাসের হাতে এই মুহূর্তে অনেকগুলো কাজ আছে। তিনি পরপর বহুভাষিক পৌরাণিক ছবি 'আদিপুরুষ', 'সালার', 'প্রজেক্ট-কে', 'স্পিরিট' এবং পরিচালক মারুথির সঙ্গে আরও একটি সিনেমাতে কাজ করবেন।