সালমান খানের হরিণ শিকার মামলা রাজস্থান হাইকোর্টে স্থানান্তর
বলিউড অভিনেতা সালমানের বিরুদ্ধে ১৯৯৮ সালের হরিণ শিকারের মামলা রাজস্থান হাইকোর্ট স্থানান্তর করা হয়েছে।
এএনআইকে উদ্ধৃত করে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, হাইকোর্ট এই মামলার স্থানান্তরের আবেদন মঞ্জুর করেছেন। এর অর্থ অভিনেতা এবং চোরাশিকার মামলার সব আবেদন এখন উচ্চ আদালতে শুনানি হবে।
এএনআই টুইট করেছে, অভিনেতা সালমান খানের ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের মামলা বদলির আবেদন মঞ্জুর করেন রাজস্থান হাইকোর্ট। অভিনেতার আবেদন এখন উচ্চ আদালতে শুনানি হবে।
কৃষ্ণসার হরিণ শিকারের মামলাটি গত দুই দশক ধরে বেশ কয়েকবার আলোচনায় এসেছে। একটি সিনেমার শুটিংয়ে যোধপুরের কাছে কাঙ্কানি গ্রামের ভাগোদা কি ধানিতে দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ আছে সালমান খানের বিরুদ্ধে।
খবরে বলা হয়, সালমানের বিরুদ্ধে ভারতীয় বন্যপ্রাণী (সুরক্ষা) আইন, ১৯৭২-এর ৯/৫১ ধারায় অভিযোগ আনা হয়। শুধু সালমান নন তার সহঅভিনেতা সইফ আলি খান, সোনালি বান্দ্রে, নীলম ও টাবুর বিরুদ্ধেও বন্যপ্রাণ (সুরক্ষা) আইনের ৫১ ধারা এবং ভারতীয় দণ্ডবিধির ১৪৯ (বেআইনি জমায়েত) ধারায় অভিযোগ আনা হয়। যাইহোক, আদালত তাদের সবাইকে বেকসুর খালাস দেন।
সালমান খান ছাড়াও দীনেশ গাওর ও দুশ্যন্ত সিংয়ের বিরুদ্ধেও চোরাশিকারে অংশ নেওয়ার অভিযোগ আছে বলে জানা গেছে।