রাজেশ খান্নার জন্মদিন, বায়োপিকের ঘোষণা

স্টার অনলাইন রিপোর্ট

ভারতের প্রথম সুপারস্টার রাজেশ খান্নার জন্মদিন আজ ২৯ ডিসেম্বর। এর প্রাক্কালে উপহার হিসেবে আসে এই মহাতারকাকে নিয়ে বায়োপিক তৈরির ঘোষণা।

গতকাল ভারতীয় সংবাদমাধ্যম বোম্বে টাইমস এ তথ্য জানিয়েছে।

বলিউডের প্রযোজক নিখিল দ্বিবেদী গণমাধ্যমকে বলেন, 'অনেক আগেই এমন রাজকীয় ব্যক্তির বায়োপিক হওয়া উচিত ছিল। সিনেমাটি পরিচালনার বিষয়ে ফারহা খানের সঙ্গে কথা চলছে।'

গৌতম চিন্তামণির বই 'ডার্ক স্টার: দ্য লোনলিনেস অব বিং রাজেশ খান্না'র স্বত্বও কিনে নিয়েছেন প্রযোজক নিখিল। সেই বইয়ের ওপর ভিত্তি করে লেখকই লিখবেন সিনেমার চিত্রনাট্য।

রাজেশ খান্না 'আরাধনা', 'রাজ', 'বাহারো কি স্বপ্নে', 'ইত্তেফাক', 'আনন্দ' ও 'খামোশি'র মতো একের পর এক বক্স অফিস হিট সিনেমা উপহার দেন।

বলিউডে প্রথম সুপারস্টার হিসেবে ১৯৬০ থেকে ১৯৭০ দশক পর্যন্ত তিনি আধিপত্য ধরে রেখেছিলেন।