মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশ চরিত্রে আবুল হায়াত

স্টার অনলাইন রিপোর্ট

একুশে পদকপ্রাপ্ত নাট্যজন আবুল হায়াত একুশে ফেব্রুয়ারির জন্য নতুন একটি নাটকে অভিনয় করেছেন। হাসান রেজাউলের পরিচালনায় গহীনের আলো নাটকে তিনি বিখ্যাত রাজনীতিবিদের মওলানা আব্দুর রশীদ তর্কবাগীশের চরিত্রে অভিনয় করছেন।

বিখ্যাত রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করার বিষয়ে দ্য ডেইলি স্টারকে আবুল হায়াত বলেন, 'খুবই ভালো লাগছে। চেষ্টা করেছি মন ভরে তার মতো খ্যাতিমান রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করতে।'

তিনি আরও বলেন, 'গহীনে আলো নাটকটি মূলত একুশের ওপর। একজন গবেষণা করতে গিয়ে আব্দুর রশীদ তর্কবাগীশের চরিত্রটি উপস্থিত হয়। নতুন প্রজন্ম তার সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবে নাটকটির মধ্যে দিয়ে।'

গহীনে আলো নাটকটি একুশে ফেব্রুয়ারি এনটিভিতে প্রচার হবে।

এদিকে আবুল হায়াত সম্প্রতি 'অসম্ভব' সিনেমার শুটিং শেষ করেছেন। শিগগিরই ডাবিং করবেন তিনি।

অন্যদিকে তার লেখা নতুন বই আষাঢ়ে প্রকাশ হচ্ছে এবারের একুশে বই মেলায়।