বিয়ের পর আজ থেকে শুটিংয়ে ফিরলেন অপূর্ব

স্টার অনলাইন রিপোর্ট

টানা দেড় মাস শুটিং থেকে দূরে ছিলেন টিভি অভিনেতা অপূর্ব। বিয়ের পরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলেন এই অভিনেতা। তবে, সেসব পর্ব শেষ করে আজ বৃহস্পতিবার থেকে শুটিং ফ্লোরে ফিরেছেন তিনি।

সৈয়দ শাকিলের পরিচালনায় এক ঘণ্টার নাটক লাভ এন্ড ওয়ারের শুটিং করছেন রাজধানীর উত্তরায়। এতে অপূর্বর বিপরীতে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ।

অপূর্ব দ্য ডেইলি স্টারকে বলেন, 'শুটিং-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো আমার সবচেয়ে প্রিয়। চেনা জায়গা থেকে কিছুদিনের ছুটিতে ছিলাম। নতুন করে কাজে ফিরে মনটা ফুরফুরে লাগছে।'

তিনি আরও বলেন, 'একটি রোমান্টিক নাটকের শুটিং করছি। আমি মনে করি রোমান্টিক নাটকের দর্শক বেশি। তাদের জন্য লাভ এন্ড ওয়ার একটি ভালো কাজ হতে যাচ্ছে। এখন থেকে নিয়মিত অভিনয় করব। দর্শকের কাছাকাছি থাকব।'