ভারতের সঙ্গে আগামী সপ্তাহে ফ্লাইট চালুর সম্ভাবনা
ভারতের সঙ্গে আগামী সপ্তাহ থেকে সীমিত আকারে পুনরায় ফ্লাইট চালু হওয়ার সম্ভাবনা আছে। আজ বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এ খবর জানিয়েছে।
বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, 'গত সপ্তাহে আমরা দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু করার জন্য বিভিন্ন শর্ত উল্লেখ করে ভারতকে একটি প্রস্তাব পাঠিয়েছিলাম। আশা করছি দুয়েক দিনের মধ্যে এর জবাব পাবো।'
'আমরা আশা করছি আগামী সপ্তাহ থেকে এয়ার বাবল ব্যবস্থার অধীনে ভারতের সঙ্গে ফ্লাইট যোগাযোগ পুনরায় চালু করতে পারব,' যোগ করেন তিনি।
বেবিচক সূত্র জানায়, দুই প্রতিবেশী দেশের মধ্যে 'এয়ার বাবল' চুক্তির আওতায় ফ্লাইট পরিচালিত হবে। এতে দুই দেশের যাত্রীরা বাংলাদেশ বা ভারতে অবতরণের পর তৃতীয় কোনো দেশে যেতে পারবে না।
বেবিচক গত ৪ আগস্ট ভারতের বেসামরিক বিমান চলাচলের মহাপরিচালককে দেওয়া চিঠিতে উভয় দেশের জন্য প্রতি সপ্তাহে ২১টি এয়ার বাবল ফ্লাইট প্রস্তাব করে।
চিঠিতে ১১ আগস্ট থেকে এয়ার বাবল ফ্লাইট পুনরায় শুরুর কথাও বলা হয়েছিল।
দেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর গত ১৪ এপ্রিল বাংলাদেশ থেকে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত করা হয়।
১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ভারতসহ ১২টি দেশ বাদ দিয়ে আবার আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু হয়।
'এয়ার বাবল' চুক্তির আওতায় গত বছর ২৮ অক্টোবর বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রথম ফ্লাইট শুরু হয়।
বিধিনিষেধ শিথিল হওয়ায় দেশের সব ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে আজ বুধবার থেকে ইতোমধ্যেই পুনরায় কার্যক্রম শুরু করেছে।
মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি ফেসবুক পোস্টে বলা হয়, পর্যটক ভিসা ছাড়া সব আবেদন গ্রহণ করা হবে।