ব্রাহ্মণবাড়িয়া

গ্যাসের শহরে গ্যাস সংকট, বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার তিতাস গ্যাস ক্ষেত্র থেকে দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করা হলেও এই জেলা শহরের বিভিন্ন বাসাবাড়ি ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে নেই গ্যাসের চাপ।

এ অবস্থায় আজ মঙ্গলবার মানববন্ধন, বিক্ষোভ ও সড়ক অবরোধ করে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিতের দাবি জানিয়েছেন ভুক্তভোগী শহরবাসীরা।

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ঘাটুরায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে শহরের গৃহিণীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন।

পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি ও সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, ব্রাহ্মণবাড়িয়া প্রগতিশীল জোটের আহবায়ক নজরুল ইসলাম, জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত, নারী নেত্রী তাহমিনা আক্তার পান্না ও ইউপি সদস্য মহসিন খন্দকার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জানান, প্রায় ৬৪ বর্গ কিলোমিটার বিস্তৃত জায়গা নিয়ে গঠিত তিতাস গ্যাস ক্ষেত্র থেকে গড়ে প্রতিদিন ৫২০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। এই ক্ষেত্র থেকেই দেশের এক-তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করা হয়ে থাকে। অথচ এই জেলার মাত্র ২৪ হাজার গ্রাহককে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ করা যাচ্ছে না।

তারা জানান, জেলার সিএনজি পাম্পগুলোতেও গ্যাস সরবরাহ স্বাভাবিক নয়। ১৫ পিএসআই এর পরিবর্তে ৩-৪ পিএসআই গ্যাস সরবরাহ করা হচ্ছে।

নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের পাশাপাশি সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার দাবি জানান আন্দোলনকারীরা।