পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

চূড়ান্ত হতাশার বিশ্বকাপ শেষেও একটি স্বস্তির খবর মিলছে। অস্ট্রেলিয়ার কাছে ওয়েস্ট ইন্ডিজ হেরে যাওয়ায় কপাল খুলছে বাংলাদেশের। অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত পরের বিশ্বকাপের সুপার টুয়েলভে সরাসরি খেলা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে লাল সবুজের প্রতিনিধিদের। ১৫ নভেম্বরের পর আইসিসির ঘোষণাতে এখন কেবল তা আনুষ্ঠানিক হবে।

আসছে বছরই অস্ট্রেলিয়ায় হতে যাচ্ছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় কম থাকায় চলতি বিশ্বকাপের মাঝেই দল নির্ধারনে নতুন পদ্ধতি অনুসরণ করার কথা জানায় আইসিসি। নতুন নিয়ম অনুযায়ী চলমান বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠা সব দল সরাসরি খেলবে পরের বিশ্বকাপে। তবে সুপার টুয়েলভে সরাসরি খেলবে ৮ দল। বাকি ৪ দলকে খেলতে  হবে প্রথম রাউন্ড। ১৫ নভেম্বর পর্যন্ত র‍্যাঙ্কিংয়ে সেরা আটে থাকা দলগুলো সরাসরি সুপার টুয়েলভে খেলবে।

শনিবার অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরে যায় ওয়েস্ট ইন্ডিজ। এতে আট নম্বর থেকে র‍্যাঙ্কিংয়ে দশে নেমে যাচ্ছে তারা। ফলে বাংলাদেশ উঠবে আটে। ১৫ নভেম্বরের আগে আর খেলা না থাকায় বাংলাদেশের অবস্থান বদলের সুযোগ নেই।

তবে সরাসরি সুপার টুয়েলভে খেলার আশা টিকে আছে ক্যারিবিয়ানদেরও। রোববার নিউজিল্যান্ডের কাছে আফগানিস্তান হেরে গেলেও তাদেরও বাধা থাকছে না। সুপার টুয়েলভ খেলবে রশিদ খানরা। 

বর্তমান র‍্যাঙ্কিং অনুযায়ী ২৩২ রেটিং পয়েন্ট বাংলাদেশের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগ পর্যন্ত ভগ্নাংশের ব্যবধানে এগিয়ে ছিল ক্যারিবিয়ানরা। হতাশার হারে তাদের রেটিং পয়েন্ট এখন ২২৬। 

তবে আনুষ্ঠানিকভাবে ১৫ নভেম্বরের পর র‍্যাঙ্কিংয়ের চূড়ান্ত হালনাগাদ জানাবে আইসিসি।

ঘরের মাঠে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকে হারিয়ে র‍্যাঙ্কিংয়ে ছয়ে উঠে টি-টোয়েন্টি বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পর নয় নম্বরে নেমে যায় তারা। ওয়েস্ট ইন্ডিজের ব্যর্থতা সুযোগ করে দিল বাংলাদেশের।

চলমান বিশ্বকাপে দারুণ খেলেও আক্ষেপে পুড়তে হচ্ছে শ্রীলঙ্কার। প্রথম পর্বে তিন আর সুপার টুয়েলভে দুই ম্যাচ জিতলেও ২৩০ রেটিং পয়েন্ট নিয়ে নয়ে অবস্থান তাদের। শ্রীলঙ্কানদের খেলতে হবে পরের বিশ্বকাপের প্রথম রাউন্ডে। নামিবিয়া, স্কটল্যান্ডও খেলবে প্রথম রাউন্ডে। তাদের সঙ্গে যোগ দেবে ওয়েস্ট ইন্ডিজ। বাছাইপর্ব পেরিয়ে আসা আরও চার দলের সঙ্গে মূল পর্বে উঠার লড়াই হবে তাদের।

এরমধ্যেই পরের বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলা নিশ্চিত করেছে ইংল্যান্ড, পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।