শ্রেয়াস, পান্তদের ঝলকের পর ওয়েস্ট ইন্ডিজ হোয়াইটওয়াশড

স্পোর্টস ডেস্ক

প্রথম দুই ম্যাচের মতো শেষ ওয়ানডেতেও ভারতের সঙ্গে কোন লড়াই জমাতে পারল না ওয়েস্ট ইন্ডিজ। শ্রেয়াস আইয়ার, রিশভ পান্তের ফিফটিতে ভারতের গড়া পুঁজি টপকাতে গিয়ে দীপক চাহার, মোহাম্মদ সিরাজদের তোপে বিধ্বস্ত হয়েছে ক্যারিবিয়ানরা।

শুক্রবার আহমেদাবাদে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৯৬ রানে হারিয়েছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ফল তাই ৩-০।  আগে ব্যাটিং নিয়ে আইয়ার-পান্তের ব্যাটে ২৬৫ করেছিল ভারত। জবাবে  সফরকারীরা থেমেছে ১৬৯  রানে।

দলের জয়ে অবদান বেশ কয়েকজনের। সর্বোচ্চ ৮০ রান করেছেন শ্রেয়াস। ৫৬ এসেছে পান্তের ব্যাটে। গুরুত্বপূর্ণ সময়ে ব্যাট হাতে অবদান রেখেছেন ওয়াসিংটন সুন্দর আর দীপক চাহার। 

বোলিংয়ে ২৭ রানে ৩ উইকেট নিয়ে দলের সেরা প্রসিধ কৃষ্ণ, সিরাজ ৩ উইকেট নিয়েছেন ২৯ রানে। ৪১ রানে ২ শিকার ধরেন চাহার। চায়নাম্যান কুলদীপ ৫১ রানে পান ২ উইকেট। 

২৬৬ রান তাড়ায় গিয়ে চতুর্থ ওভারেই শেই হোপকে হারায় উইন্ডিজ। সিরাজের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। দলের ২৫ রানে চাহারের জোড়া আঘাতে ফিরে যান ব্র্যান্ডন কিং আর শারমাহ ব্রোকস।

fluz6oywqaiq85n.jpg

২৫ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়া দলকে উদ্ধারে নামেন নিকোলাস পুরান। ড্যারেন ব্রাভোর সঙ্গে খানিকক্ষণ প্রতিরোধ গড়েন তিনি। ৩০ বলে ১৯ করা ব্রাভোকে ফিরিয়ে তাদের লড়াই থামান প্রসিদ কৃষ্ণ। খানিক পর জেসন হোল্ডারকেও তুলে নেন তিনি।

ফ্যাবিয়ান অল্যান বিদায় নেন কুলদীপ যাদবের স্পিনে। ৩৯ বলে ৩৪ করা অধিনায়ক পুরানের লড়াইও থামান কুলদীপ। ৮২ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। এরপর ওডেন স্মিথ, আলজেরি জোসেফ আর হেইডেন ওয়ালশ জুনিয়ররা মূলত ব্যবধান কমানোরই কাজই করতে পেরেছেন। 

এর আগে টস জিতে ব্যাট করতে গিয়ে ভারতকে আবারও হতাশ করেন অধিনায়ক রোহিত শর্মা ও দলের সেরা ব্যাটার বিরাট কোহলি। রোহিতের ব্যাট থেকে আসে ১৫ বলে ১৩ রান। ২ বল খেলে কোন রান না করেই বিদায় নেন কোহলি। শেখর ধাওয়ানের ব্যাট থেকেও আসেনি রান।

৪২ রানে ৩ উইকেট হারানোর পরিস্থিতি থেকে শতরানের জুটিতে খেলা ঘুরিয়ে দেন শ্রেয়াস-পান্ত। চতুর্থ উইকেটে তাদের জুটিতে আসে ১২৪ বলে ১১০ রান। নিজের চেনা ঢঙে দ্রুত রান এনে ফিফটি করেই অবশ্য থামেন প্যান্ট। হেইডেন ওয়ালশের লেগ স্পিনে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ৫৪ বলে ৫৬ রান।

আইয়ার ছিলেন সেঞ্চুরির আশায়। তার তিন অঙ্কে যাওয়ার পথও বন্ধ করেন হেইডেন। ১১১ বলে ৯ চারে সর্বোচ্চ ৮০ রান করেছেন এই ডানহাতি। ভারত এরপর আড়াইশ ছাড়াতে পেরেছে মূলত চাহার, ওয়াসিংটন সুন্দরের ব্যাটে। ৩৮ বলে ৩৮ করেন চাহার। ৩৪ বলে ৩৩ এসেছে চাহারের ব্যাটে।