শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিডিএফের মানববন্ধন

স্টার অনলাইন রিপোর্ট

দেশজুড়ে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)। 

সেই সঙ্গে শিশু রামিসা আক্তারসহ সব নির্যাতিত ও হত্যাকাণ্ডের শিকার শিশুর ন্যায়বিচার নিশ্চিতসহ শিশু নির্যাতন সম্পূর্ণ বন্ধে কার্যকর রাষ্ট্রীয় ও সামাজিক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়ে সংগঠনটির উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেল ৪টার দিকে মিরপুর ১০ নম্বরে বিডিএফের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। যেখানে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন, মানবাধিকারকর্মী ও সচেতন নাগরিকরা অংশ নেন।

এর আগে সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ) জানায়, বাংলাদেশে আজ শিশুদের শৈশব ভয়াবহ নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। ঘরের পাশে, স্কুলের পথে, বাসার ভেতর, মাদ্রাসায়—যেখানে একটি শিশুর সবচেয়ে নিরাপদ থাকার কথা, সেখানেই তারা ধর্ষণ, নির্যাতন ও হত্যার শিকার হচ্ছে। মেয়ে শিশুদের পাশাপাশি ছেলে শিশুরাও আজ একইভাবে ঝুঁকির মুখে রয়েছে।

বিবৃতিতে বলা হয়, পল্লবীতে শিশু রামিসার নির্মম মৃত্যু এবং সাম্প্রতিক সময়ে মাদ্রাসার ১০ বছরের এক শিশু ছেলের ধর্ষণ ও হত্যার ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে, এটি কোনো একক শিশু, পরিবার বা এলাকার সমস্যা নয়; এটি পুরো দেশের শিশুদের নিরাপত্তার প্রশ্ন।

বিডিএফ মনে করে, শিশু নির্যাতন ও হত্যার প্রতিটি ঘটনার পর কয়েক দিন প্রতিবাদ, কিছু পোস্ট, কিছু মিছিল—তারপর আবার নীরবতা, এই চক্র ভাঙা জরুরি। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত দায়িত্ব।

বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, শিশুরা কোনো পরিসংখ্যান নয়। তারা কারও মেয়ে, কারও ছেলে, কারও ভাই, কারও বোন—সবচেয়ে বড় কথা, তারা এই দেশের ভবিষ্যৎ। একটি রাষ্ট্রের শিশুরা কতটা নিরাপদ সেটি দেখেই ওই রাষ্ট্রের সভ্যতা বোঝা যায়। আজ আমরা নীরব থাকলে, আগামীকাল এই আগুন আমাদের দরজায়ও আসতে পারে। আমাদের দাবি একটাই—শুধু রামিসা নয়, প্রতিটি শিশুর ন্যায়বিচার চাই। নিরাপদ ঘর, নিরাপদ স্কুল, নিরাপদ মাদ্রাসা, নিরাপদ সমাজ ও নিরাপদ বাংলাদেশ চাই।

এদিন মানববন্ধনে বেশকিছু দাবি তুলে ধরে বাংলাদেশ ডিবেট ফেডারেশন (বিডিএফ)। বিডিএফের দাবিগুলো হলো—

  • শিশু ধর্ষণ ও হত্যার প্রতিটি মামলায় দ্রুত, স্বচ্ছ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।

  • রামিসাসহ সব শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রকৃত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

  • তদন্তে কোনো গাফিলতি, প্রভাব খাটানো বা অপরাধীকে রক্ষার সুযোগ রাখা যাবে না।

  • স্কুল, মাদ্রাসা, বাসা-বাড়ি ও প্রতিটি এলাকায় কার্যকর শিশু সুরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে।

  • ভুক্তভোগী পরিবারকে আইনি, মানসিক ও সামাজিক সহায়তা দিতে হবে।

  • ধর্ষক, খুনি ও তাদের আশ্রয়দাতাদের সামাজিক ও রাজনৈতিকভাবে বর্জন করতে হবে।