এইচএসসির কোনো বিষয়ে অংশ নিতে না পারলে আবারও পরীক্ষা দেওয়া যাবে: সংসদে শিক্ষামন্ত্রী
প্রতিকূল আবহাওয়া কিংবা অন্য কোনো কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় কোনো বিষয়ে যেসব শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারেনি, তারা আবারও সেই বিষয়ে পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ বুধবার জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, কোনো বিষয়ের পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
শিক্ষামন্ত্রী বলেন, ‘যেহেতু এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ, তাই বিশেষ বিবেচনায় এই বিশেষ সুযোগ প্রদান করা হলো।’
এর আগে তিনি জানান, চলমান এইচএসসি ও সমমান পরীক্ষায় সারাদেশের ২ হাজার ৬৯৭টি পরীক্ষা কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। সম্প্রতি ভারী বর্ষণ ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনস্থ পাঁচটি জেলা—চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবানে পরীক্ষা স্থগিত করা হয়।
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের বাইরেও দেশের কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরী আবহাওয়া ও বহুবিধ কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি বলেও জানান শিক্ষামন্ত্রী।