বন্যা পরিস্থিতি: চট্টগ্রাম-রাঙ্গামাটিতে বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত
বন্যা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম ও রাঙ্গামাটিতে বুধবারের নির্ধারিত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আজ মঙ্গলবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এই দুই জেলায় আগামীকাল বুধবারের নির্ধারিত এইচএসসি, আলিম, এইচএসসি (বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য হবে।
তবে, বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়িতে একই দিনে নির্ধারিত পরীক্ষাগুলোও যথারীতি অনুষ্ঠিত হবে।
দুই জেলার স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরে ঘোষণা করা হবে।
