কাল শুরু হচ্ছে এসএসসি, পরীক্ষার্থী কমেছে ৭৯ হাজার

স্টার অনলাইন রিপোর্ট

সারা দেশে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এ বছর প্রায় ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৯ হাজার কম।

সাধারণ শিক্ষা বোর্ডের রুটিন অনুযায়ী, কাল সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা, যা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে ৭ থেকে ১৪ জুনের মধ্যে।

শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল প্রায় ১৯ লাখ ৩৬ হাজার শিক্ষার্থী। সেই হিসেবে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

দুই বছর আগে নবম শ্রেণিতে নিয়মিত শিক্ষার্থী হিসেবে নিবন্ধন (রজিস্ট্রেশন) করা প্রায় ৪ লাখ ৪৭ হাজার শিক্ষার্থী এবার পরীক্ষায় বসছে না। সে সময় মোট ১৮ লাখ ৯৫ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছিল, কিন্তু এবার নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ফরম পূরণ করেছে মাত্র ১৪ লাখ ৪৮ হাজার। তবে অনিয়মিত পরীক্ষার্থীসহ এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৮ লাখ ৫৭ হাজারের বেশি।

এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে। সারা দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এসএসসি পরীক্ষা নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ১১ দফা নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, সব পরীক্ষাকেন্দ্রের নির্ধারিত স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে অথবা আগে থেকে থাকা ক্যামেরাগুলো সচল রাখতে হবে। সিসিটিভি ক্যামেরা সচল রাখতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বলা হয়েছে। এ ছাড়া প্রতিটি কক্ষে সিগন্যাল জ্যামারের কভারেজ নিশ্চিত করতে হবে, যাতে করে মোবাইল ফোনে নেটওয়ার্ক সিগনাল না থাকে।

পরীক্ষা চলাকালে শিক্ষকরাও কেউ মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের দেহ তল্লাশি করার নির্দেশ দেওয়া হয়েছে।