স্কুল সময়ে যানজট কমাতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রস্তাবনা চেয়েছেন প্রধানমন্ত্রী
স্কুল সময়ে ঢাকায় যানজট কমাতে বিকল্প ব্যবস্থার প্রস্তাব দিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ নির্দেশনা দেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, বৈঠকে স্কুল সময়ে ঢাকায় যানজট কমানোর উপায় ও সম্ভাব্য বিকল্প ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে।
তিনি জানান, কিছু ক্ষেত্রে শুরু ও ছুটির সময় স্কুলের সামনে বিপুল সংখ্যক ব্যক্তিগত গাড়ি জড়ো হয়, যার কারণে আশপাশের সড়কে যানজট বেড়ে যায়।
তিনি রাজধানীর একটি উদাহরণ তুলে ধরে বলেন, ১৫০ শিক্ষার্থীর একটি স্কুলের সামনে ১০০ গাড়ি দাঁড়িয়ে থাকে। ফলে তীব্র যানজট হয় এবং শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে সমস্যা হয়।
তিনি আরও জানান, সমস্যাটি সমাধানে বাস্তবসম্মত বিকল্প খুঁজে বের করতে শিক্ষা মন্ত্রণালয়কে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।