সম্প্রতি প্রকাশিত সেরা সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হরর

রবিউল কমল
রবিউল কমল

সম্প্রতি প্রকাশিত কিছু সায়েন্স ফিকশন, ফ্যান্টাসি ও হরর সাহিত্যে ভিনগ্রহের রহস্য, প্রাচীন জাদু, নিষ্ঠুর ক্ষমতার খেলা ও ভবিষ্যৎ মানবসভ্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এগুলো ইতোমধ্যে বিশ্বব্যাপী ভালো সাড়া ফেলেছে। নিচে এমন কয়েকটি আলোচিত নতুন বইয়ের পরিচিতি তুলে ধরা হলো।

ভ্যান জেনসেনের গডফল

এই গল্পের ঘটনা আমেরিকার নেব্রাস্কার এক ছোট শহরে। হঠাৎ আকাশ থেকে নেমে আসে তিন মাইল লম্বা এক ভিনগ্রহী অবয়ব, যাকে সবাই বলে দ্য জায়ান্ট। এর পর শহরে বিজ্ঞানী, সেনা, সরকারি কর্মকর্তা ও কৌতূহলী মানুষে ভরে যায়।

শহরের শেরিফ ডেভিড ব্লান্ট পরিস্থিতি সামলাতে হিমশিম খান। এর মধ্যেই ভয়ংকরভাবে দুজন মানুষ খুন হয়। এফবিআই তদন্তের দায়িত্ব নেয়, কিন্তু শেরিফ থামেন না। বিশেষ করে যখন তার ছোটবেলার পরিচিত একজন মানুষ খুন হয়। খুনিকে ধরতে গিয়ে সে এক ভয়ংকর চক্রের ভেতরে ঢুকে পড়ে এবং জানতে পারে ভিনগ্রহী সেই জায়ান্টের মধ্যেই হয়তো রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে।

রেবেকা ফেরিয়ার দ্য সল্ট বাইন্ড

গল্পটি ১৭৭০ দশকের ইংল্যান্ডের কর্নওয়াল অঞ্চলে। কেনসা নামের এক মেয়ের বাবা ছিলেন চোরাকারবারি, যাকে ফাঁসি দেওয়া হয়েছিল। তাই সমাজে কেনসাকে কেউ ভালো চোখে দেখে না।

আইসোল্ডে নামের এক নারী তাকে ওষুধ বানানো শেখান। কিন্তু এই কাজের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ংকর দায়িত্ব, সমুদ্রের শক্তির সঙ্গে মানুষের পুরনো এক চুক্তি রক্ষা করা। একসময় কেনসা একাই ভয়ংকর একটি সিদ্ধান্ত নেয়, যার ফল হতে পারে পুরো এলাকা সমুদ্রে ডুবে যাওয়া।

শেন তাওয়ের দ্য পোয়েট এমপ্রেস

এই গল্পের পটভূমি কল্পিত প্রাচীন চীন। এখানে কবিতা শুধু কবিতা নয়, এক ধরনের জাদু। রাজা হতে হলে ড্রাগনের সঙ্গে লড়াই করে জিততে হয়।

গ্রামের সাধারণ মেয়ে ওয়েই ইয়িনকে রাজপুত্র তার পত্নী বানায়। কিন্তু রাজপুত্র খুব নিষ্ঠুর। সে মেয়েটিকে কষ্ট দেয়, আবার জাদু দিয়ে ক্ষত সারিয়ে তোলে। নারীদের পড়ালেখা নিষিদ্ধ হলেও ওয়েই লুকিয়ে লেখা শিখতে শুরু করে।

একটি জাদু কবিতা আছে, যেটা লিখতে পারলে রাজপুত্রকে হত্যা করা সম্ভব। কিন্তু সেই কবিতা লিখতে লাগে ভালোবাসা, অথচ ওয়েইয়ের মনে আছে কেবল ঘৃণা।

পিটার এফ হ্যামিল্টনের এ হোল ইন দ্য স্কাই

গল্পটি মহাকাশে চলা এক বিশাল জাহাজে। এখানে মানুষ শত শত বছর ধরে বাস করছে। সেখানে সম্পদ কম, তাই সবকিছু রিসাইকেল করা হয়, এমনকি মানুষও। কেউ কাজের অযোগ্য হলে তার জীবন শেষ করে দেওয়া হয়।

১৬ বছরের মেয়ে হ্যাজেল এই নিষ্ঠুর নিয়ম নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে। সে জানতে চায়, মানুষ কি আসলেই শুধু কাজের যন্ত্র?

ব্রায়ান অলডিসের হ্যালো আর্থ, আর ইউ দেয়ার?

এটা একক গল্প নয়, বরং বিখ্যাত সায়েন্স ফিকশন লেখক ব্রায়ান অলডিসের ছোট গল্পের সংকলন। এখানে আছে ২৭টি গল্প। অলডিস শুধু সায়েন্স ফিকশন লেখেননি, হাসির গল্প, বাস্তব জীবনভিত্তিক লেখা, সমালোচনাও লিখেছেন। এই বইটা তার লেখালেখির সেরা একটি সংগ্রহ।