পটুয়াখালীতে নূর ও স্বতন্ত্র প্রার্থী মামুনের সমর্থকদের পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩

নিজস্ব সংবাদদাতা, পটুয়াখালী

পটুয়াখালী-৩ আসনের দশমিনায় বিএনপির জোট প্রার্থী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও বিএনপি থেকে বহিস্কৃত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার রাত ৮ টার দিকে উপজেলার চর বোরহান ইউনিয়নের পাগলা বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, পাগলা বাজারে নূর ও হাসান মামুনের নির্বাচনী অফিস পাশাপাশি। প্রচারণা চালানো নিয়ে উভয় পক্ষের মধ্যে গতকাল রাতে উত্তেজনা দেখা দেয়। এ সময় একে অপরের উপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। ভাঙচুর করা হয় নির্বাচনী কার্যালয়ে থাকা বেশ কিছু চেয়ার টেবিল ও আসবাবপত্র। 

হামলার ঘটনায় এক পক্ষ অপর পক্ষকে দায়ী করছেন৷ এ ঘটনায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের তিন অনুসারী আহত হয়েছেন। আহতরা হলেন রাকিবুল ইসলাম জুয়েল (৩৫), মো. রফিক (৪০) ও রিফাত (২৮)। তাদেরকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, 'আমরা ওদের কার্যালয়ে কোন হামলা চালাইনি। ওদের সমর্থকেরাই আমাদের নির্বাচনী অফিস ভাঙচুর করে। এই ঘটনায় আমার তিন সদস্য আহত হয়েছেন।'

হামলার ঘটনায় গণঅধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক শাহ আলম শিকদার বলেন, 'হামলার বিষয়ে আজ দুপুরে গলাচিপায় গণ অধিকার পরিষদের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে। সেখানেই ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো হবে।'

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন পারভেজ বলেন, 'বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে৷ কোন পক্ষই এখনও পর্যন্ত থানায় অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্তদের চিহ্নিত করতে পুলিশ আইনি পদক্ষেপ নেবে।'