ইসিতে ভোট পুনর্গণনার আবেদন নাসীরুদ্দীন পাটওয়ারীর
কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে এনসিপি নেতা এবং ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী ভোট পুনর্গণনার আবেদন জানিয়েছেন। তিনি বিজয়ী প্রার্থীর শপথ গ্রহণ স্থগিত করারও আবেদন করেছেন।
আজ রোববার তার পক্ষে নির্বাচন কমিশনে (ইসি) আবেদনটি জমা দিয়েছেন এনসিপি নেতা কাজী ফখরুল ইসলাম। আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী ১১টি পয়েন্টে ১২টি ভোটকেন্দ্রে অনিয়মের তথ্য ও প্রমাণ সংযুক্ত করেছেন।
এনসিপির এই নেতার অভিযোগ, বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, দলীয় নেতা, কর্মী, এজেন্ট ও পরিবারের সদস্যরা ভোট কারচুপি, অযাচিত প্রভাব বিস্তার, ফলাফল প্রকাশে বিলম্ব এবং চূড়ান্ত গণনায় বাতিল ব্যালট অন্তর্ভুক্ত করার কাজে জড়িত ছিলেন।
তিনি আরও অভিযোগ করেন, বেশ কয়েকটি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এবং রিটার্নিং অফিসার পরে অনিয়মের সঙ্গে জড়ান, যার ফলে তার পরিবর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
আবেদনে নাসীরুদ্দীন পাটওয়ারী নির্বাচন কমিশনকে এসব অভিযোগ তদন্ত করে বিদ্যমান আইন ও নির্বাচনী বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।