আশুলিয়ায় ভোট দিতে পারেননি বৃদ্ধা, পোলিং অফিসারকে প্রত্যাহার

নিজস্ব সংবাদদাতা, সাভার

ঢাকার আশুলিয়ার (ঢাকা-১৯) এক কেন্দ্রে পোলিং অফিসারের ভুলে এক বৃদ্ধা ভোট দিতে পারেননি বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট পোলিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম বিপারুল ইসলাম। 

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আশুলিয়ার দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজের (কেন্দ্র-১) নারী কেন্দ্রে এ ঘটনা ঘটে।

প্রিসাইডিং কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান বলেন, মূলত ওই কর্মকর্তার (বিপারুল ইসলাম) অসতর্কতার কারণে জাহানারা বেগম নামে একজন বয়স্ক নারীর সিরিয়ালে টিকচিহ্ন দেওয়া হয়ে যায়। এই কারণে তার ভোট আর নেওয়া যায়নি।

তিনই বলেন, এ ঘটনার পর সেনাবাহিনী ও বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে এসে বিষয়টি তদন্ত করেছেন। মূলত এটি একটি মিসটেক। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর তাদের পরামর্শে সংশ্লিষ্ট ওই কর্মকর্তাকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এখানে কোনো অনিয়ম বা অন্য কোনো ঘটনা নেই।

যোগাযোগ করলে ঢাকা-১৯ আসনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত সেই কর্মকর্তাকে সরিয়ে নেওয়া হয়েছে। এটি মূলত ভুল ছিল। কোনো অনিয়মের তথ্য বা প্রমাণ আমরা পাইনি।

কেন্দ্রটিতে মোট তিন হাজার ১৩৩ জন ভোটারের মধ্যে দুপুর ১২টা পর্যন্ত ৯৮৮ জন ভোটার তাদের ভোট দেন বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা।