ভোটারদের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর
সারাদেশে ভোটাররা ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দিচ্ছেন দেখে এনসিপি সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ঢাকা-৮ আসনের ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতা শাহজাহানপুর এলাকার মির্জা আব্বাস মহিলা কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন।
জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, যত ভয়ভীতিই দেখানো হোক না কেন, ১১ দলীয় নির্বাচনী ঐক্যই নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করবে।
পাটওয়ারী অভিযোগ করেন, ভারত আর আওয়ামী লীগ মিলে বিএনপিকে সমর্থন দিচ্ছে। তবে এসব সত্ত্বেও শেষ পর্যন্ত এনসিপি বিজয়ী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সরকার গঠন করতে পারলে চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দেশছাড়া করা হবে এবং বাংলাদেশে তাদের কোনো জায়গা থাকবে না বলেও তিনি মন্তব্য করেন।