সরাইলে ভোট দিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানা সরাইলে উপজেলায় নিজ কেন্দ্রে ভোট দিয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।
ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, ‘বহু বছর পর মানুষ স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘সকাল থেকেই মানুষ উৎসাহ নিয়ে ভোট কেন্দ্রে আসছে। ভোটারদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।’
ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গণতন্ত্রের জন্য ইতিবাচক বলেও জানান তিনি।
সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন রুমিন ফারহানা।
এ আসনে রুমিন ফারহানার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিব।