এই নির্বাচন বাংলাদেশে নতুন অধ্যায় শুরু করবে: মির্জা ফখরুল

স্টার অনলাইন রিপোর্ট

এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট দেন মির্জা ফখরুল। তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বর্তমান নির্বাচনকে ঘিরে বড় ধরনের আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, অনেক বাধা-বিপত্তি, রক্তপাত এবং অসংখ্য মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে আজকের এই দিনটি এসেছে।

তিনি মনে করেন যে, এই নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ হবে। দীর্ঘ আন্দোলনের প্রেক্ষাপট স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘ আন্দোলনের পর আমাদের ছেড়ে চলে গেছেন এবং এ দেশের লক্ষ লক্ষ মানুষ পুলিশের হাতে নির্যাতিত ও গুমের শিকার হয়েছেন। 

বিশেষ করে চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতা ও কৃষকদের আন্দোলনের কথা উল্লেখ করে তিনি বলেন, সেই আন্দোলনে প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

এত ত্যাগের পর এই নির্বাচন আয়োজনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে অভিহিত করে তিনি বলেন, আমাদের প্রত্যাশা এই নির্বাচন বাংলাদেশের জন্য একটা নতুন অধ্যায় শুরু করবে।