জামালপুর-৩: ভোটারদের মাঝে টাকা বিতরণ, ৩ জনের কারাদণ্ড
জামালপুরে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে ৩ জনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ বুধবার বিকেলে জামালপুর-৩ (মেলান্দহ–মাদারগঞ্জ) আসনের মাদারগঞ্জ উপজেলার চরগোলাবাড়ী দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্তরা হলেন—মেলান্দহ উপজেলার সাবিলাপুর গ্রামের জাহাঙ্গীর আলম, চরসাগুনা গ্রামের জহুরুল ইসলাম (৬৫) এবং মেহেদী হাসান।
দ্য ডেইলি স্টারকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদারগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সুমন চৌধুরী বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় আইন অনুযায়ী তাদের শাস্তি দেওয়া হয়েছে।’
স্থানীয় বাসিন্দা সোহাগ দ্য ডেইলি স্টারকে জানান, একটি বাড়িতে তিনজনকে টাকা বিতরণ করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে মাদারগঞ্জ আর্মি ক্যাম্পের সদস্য ও জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।
পরে বকশীগঞ্জের সিভিল জজ আরিফ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে রায় ঘোষণা করেন।