নির্বাচনে যেকোনো নাশকতা-বিশৃঙ্খলা দৃঢ়তার সঙ্গে প্রতিহতের নির্দেশ বিজিবি মহাপরিচালকের

স্টার অনলাইন রিপোর্ট

আগামীকাল সকাল থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দৃঢ়তার সঙ্গে প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

আজ বুধবার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনের সময় দায়িত্বরত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে এমন নির্দেশনা দেন তিনি।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিজিবি মহাপরিচালক আজ রাজধানীর মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজী ক্যাম্প ও গাজীপুরের টঙ্গীতে বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিজিবি মহাপরিচালক নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, নির্বাচনকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় বিজিবির অপারেশনাল সক্ষমতা এবং নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত পরিকল্পনা সরেজমিনে পর্যালোচনা করেন।

সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা, সতর্কতা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনী দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য হবে না।

পাশাপাশি ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।