ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব

নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা

কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে ঋণখেলাপির অভিযোগে প্রার্থিতা হারানো বিএনপির বহিষ্কৃত নেতা মঞ্জুরুল আহসান মুন্সীকে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে তলব করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

আজ বুধবার দুপুর আড়াইটার মধ্যে লিখিত বক্তব্যসহ তাকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার রাতে কুমিল্লা-৪ আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ তাফরিমা তাবাসুম এ নির্দেশ দেন। এর আগে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুন্সীর বিরুদ্ধে ভোটারদের হুমকির বিষয়ে কমিটির কাছে অভিযোগ করেন। 

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মঞ্জুরুল আহসান মুন্সীকে বলতে শোনা যায়, ‘যদি ক্ষমতায় বিএনপি থাকে, আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি কিন্তু আপনাদের কাউকে ছাড়ব না। প্রয়োজনে ঘরবাড়ি পোড়াইয়া সব ছারখার করে দেব।'

তবে হুমকির বিষয়টি অস্বীকার করে মুন্সী সাংবাদিকদের জানান, ভিডিওর বক্তব্যটি তিনি নিজ এলাকায় নিকটাত্মীয়দের সামনে ব্যক্তিগত আক্ষেপ থেকে দিয়েছিলেন। বক্তব্যের শেষাংশ কেটে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তা প্রচার করে একটি মহল তাকে জড়িয়ে ‘নোংরা রাজনীতি’ করছে। 

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপি মুন্সীকে দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী বক্তব্যের অভিযোগে দল থেকে বহিষ্কার করে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচারণার শেষ দিন সোমবার মধ্যরাতে দেবীদ্বারের গুনাইঘর ইউনিয়নের ধলাপুকুর পাড়ে একটি উঠান বৈঠকে তিনি বক্তব্যটি দিয়েছিলেন।