কীভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি, ভোটার নম্বর কত?

আহমেদ দীপ্ত
আহমেদ দীপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র তিন দিন বাকি। আপনি কি এখনো ভোটকেন্দ্র কোথায়, ভোটার নম্বর কত—এসব খুঁজছেন? চিন্তা নেই, এসব তথ্য জানার জন্য কয়েকটি পদ্ধতির কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

এর মধ্যে রয়েছে— স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ, হটলাইন নম্বর ১০৫, একই নম্বরে এসএমএস এবং নির্বাচন কমিশনের ওয়েবসাইট।

ভোটাররা কোথায় ভোটকেন্দ্রের তথ্য দেখতে পাবেন জানতে চাইলে ইসির পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক দ্য ডেইলি স্টারকে বলেন, ভোটাররা ১০৫ হটলাইন নম্বরে ডায়াল করে নির্বাচন-সংক্রান্ত যেকোনো তথ্য পাবেন। একই নম্বরে এসএমএস পাঠিয়েও কেন্দ্রের তথ্য পাওয়া যাবে বলেও জানান তিনি।

এই কর্মকর্তা আরও বলেন, ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের মাধ্যমে ভোটাররা ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন।

স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি অ্যাপ

ভোটাররা ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি’ অ্যাপের মাধ্যমে তাদের ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে পারবেন। অ্যাপটি ‘গুগল প্লে স্টোর’ এবং ‘অ্যাপল অ্যাপ স্টোরে’ বাংলা ও ইংরেজি উভয় ভাষায় পাওয়া যাচ্ছে।

অ্যাপটি ইনস্টল করে ড্যাশবোর্ড থেকে ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন’ সিলেক্ট করে ‘ভোটকেন্দ্র খুঁজুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং জন্ম তারিখ ইনপুট দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর, ভোটার ক্রমিক নম্বর, ভোটকেন্দ্রের নাম এবং কেন্দ্রের ঠিকানা প্রদর্শিত হবে।

অ্যাপে প্রার্থীদের বিস্তারিত তথ্যও রয়েছে। আসন সংখ্যা, নিবন্ধিত ভোটার, রাজনৈতিক দল, প্রার্থীর নম্বর, ভোটার ও প্রার্থীদের ন্যূনতম বয়স, হলফনামা সম্পর্কিত তথ্য, ভোটের ফলের তথ্যও এতে পাওয়া যাবে।

১০৫ হটলাইন

ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানার জন্য বাংলাদেশের যেকোনো ভোটার ১০৫ হটলাইন নম্বরে কল করতে পারবেন। এরপর অপারেটরের সঙ্গে কথা বলতে ৯ চাপতে হবে। এ পদ্ধতিতে তথ্য জানতে ভোটারের এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রয়োজন হবে। হটলাইনটি প্রতিদিন ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত চালু থাকবে।

একই নম্বরে এসএমএস 

এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে PC NID লিখে ১০৫ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসের মাধ্যমে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানিয়ে দেওয়া হবে।

ইসির ওয়েবসাইট

নির্বাচন কমিশনের ওয়েবসাইট ব্যবহার করেও ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার বা মোবাইলের যেকোনো ব্রাউজারে গিয়ে https://ecs.gov.bd/ ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর ওয়েবসাইটের ‘ভোটকেন্দ্র’ মেন্যুতে ক্লিক করলেই ভোটকেন্দ্র অনুসন্ধানের তথ্য পাওয়া যাবে। ওয়েবসাইটে দুটি উপায়ে ভোটকেন্দ্র খোঁজা যাবে। প্রথম্‌ নির্বাচনী এলাকা, উপজেলা/থানা নির্বাচন করে সংশ্লিষ্ট কেন্দ্রের তালিকা দেখা যাবে।

দ্বিতীয়ত, এনআইডি নম্বর ও জন্মতারিখ দিয়ে অনুসন্ধান করলে ভোটার নম্বর ও ভোটকেন্দ্রের তথ্য জানা যাবে। এ ছাড়া ওয়েবসাইটে ভোটকেন্দ্রের অবস্থান সরাসরি গুগল ম্যাপে দেখার সুবিধা রয়েছে। ম্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের দূরত্ব এবং যাওয়ার পথ সম্পর্কেও বিস্তারিত জানা যাবে।

টোল ফ্রি হেল্পলাইন ৩৩৩  

নির্বাচন কমিশনের চার পদ্ধতির বাইরে ভোটাররা এটুআইয়ের টোল ফ্রি হেল্পলাইন ৩৩৩ নম্বরে ডায়াল করে নির্বাচন সম্পর্কিত তথ্যসেবা পাবেন। এই নম্বরে কল করে ৯ চাপলে ভোটাররা ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি, ভোটকেন্দ্রের অবস্থান, জাতীয় পরিচয়পত্র–সংক্রান্ত তথ্য, নির্বাচনকালীন আচরণবিধি, প্রবাসী ভোটারদের ভোট দেওয়ার নিয়ম, প্রতিবন্ধী, প্রবীণ ও নারী ভোটারদের জন্য বিশেষ সুবিধা, পাশাপাশি জরুরি নির্দেশনা ও প্রয়োজনীয় যোগাযোগ নম্বর সম্পর্কে জানতে পারবেন।

গত ১৬ জানুয়ারি থেকে পাইলট আকারে চালু হওয়া এই বিশেষ সেবার মাধ্যমে এরই মধ্যে এক হাজার ৬৪৩ জন নাগরিক তথ্য ও সহায়তা নিয়েছেন বলে গত ৪ ফেব্রুয়ারি জানায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।