ঢাকা-১৭ আসনে তারেক রহমানের পক্ষে গণসেংযোগে কন্যা জাইমা রহমান

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকা-১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ভোট চাইতে মাঠে নেমেছেন তার কন্যা জাইমা রহমান। 

আজ শনিবার দুপুর ১২টায় গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম শুরু করেন তিনি।

এসময় তার সঙ্গে ছিলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গৃহপরিচারিকা ফাতেমা। 

তারা একসঙ্গে এলাকায় ঘুরে বিভিন্ন দোকান, রেস্তোরাঁ ও সড়কের মোড়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং ভোটারদের কাছে তারেক রহমানের পক্ষে ভোট চান।

জাইমা রহমান নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, আমি তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী। আমি আপনাদের কাছে তার পক্ষে ভোট চাইতে এসেছি।

প্রচারণার অংশ হিসেবে জাইমা রহমান লিফলেট বিতরণ করেন। পথচারীদের সঙ্গে আলাপচারিতায় তিনি ভোটাধিকার এবং নির্বাচনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

এসময় কৌতূহলী অনেকেই দাঁড়িয়ে জাইমা রহমানের কথা শোনেন। কেউ কেউ তার প্রচারণার দৃশ্য মোবাইলেও ধারণ করেন।