বিএনপির ইশতেহারে ঢাকার জন্য যেসব পরিকল্পনা

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচনে জিতে ক্ষমতায় গেলে রাজধানী ঢাকার দীর্ঘদিনের সংকট নিরসনের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ শুক্রবার নির্বাচনী ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে দলটির চেয়ারম্যান তারেক রহমান ঢাকাকে আরও নিরাপদ, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার রূপরেখা দেন।

ইশতেহার অনুযায়ী, ঢাকার ভয়াবহ যানজট কমাতে রাজধানীর বাইরে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে বিএনপির। এসব নতুন শহর গড়ে উঠলে ঢাকার ওপর জনসংখ্যা ও অবকাঠামোগত চাপ কমবে বলে মনে করছে দলটি।

যানবাহন ব্যবস্থার উন্নয়নে বিদ্যমান মেট্রোরেলের পাশাপাশি ‘মনোরেল’ ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। এতে ঢাকা ও আশপাশের এলাকার মধ্যে নিরাপদ ও দ্রুত যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে বলে ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর বিভিন্ন রুটে শুধু নারীদের জন্য বাস চালুর কথা জানিয়েছে বিএনপি। এসব বাসে চালক ও কন্ডাক্টর হিসেবে নারীরাই দায়িত্ব পালন করবেন।

ঢাকার বায়ুদূষণ কমাতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রিক যানবাহন চালুর উদ্যোগের পাশাপাশি যানজট কমিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়নে প্রধান সড়কগুলোতে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম (আইটিএস) চালুর পরিকল্পনা রয়েছে।

জননিরাপত্তা বাড়াতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার পরিধি বাড়াবে বিএনপি। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে যানজট কমাতে ডিজিটাল ট্র্যাকিং ও টোলিং ব্যবস্থা চালুর কথা উল্লেখ করা হয়েছে। 

ঢাকার দীর্ঘদিনের পার্কিং সংকট মোকাবিলায় ‘শেয়ার্ড পার্কিং স্পেস’ বা পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা ভাগ করে নেওয়ার উদ্যোগ নেবে বিএনপি। 

রাজধানীতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে একটি সমন্বিত ও বাস্তবসম্মত পরিকল্পনা বাস্তবায়নের কথা উল্লেখ করা হয়েছে ইশতেহারে। এর আওতায় রিকশাচালকদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে এবং প্রয়োজনীয় লাইসেন্সের মাধ্যমে খাতটিকে আনুষ্ঠানিক কাঠামোর আওতায় আনা হবে।

জেলাভিত্তিক যানজট কমাতে রিং রোড নেটওয়ার্ক ও সংযুক্ত রেডিয়াল সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রাজধানীতে পরিবহন সুবিধা বাড়াতে ‘সার্কুলার ওয়াটারওয়ে’ বা বৃত্তাকার নৌপথ সম্প্রসারণকে অগ্রাধিকার দেওয়া হবে।

ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে একটি স্বাধীন মেট্রোপলিটন ট্রান্সপোর্ট অথরিটি (এমটিএ) গঠনের প্রস্তাব দিয়েছে বিএনপি। এই সংস্থা ঢাকার সব ধরনের পরিবহন ও ট্রাফিক কার্যক্রম সমন্বয় ও তদারকি করবে। 

রাস্তার পাশে, ফুটপাতে, স্টেশনে বা লঞ্চঘাটে বসবাসকারী ভাসমান ও ছিন্নমূল জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও নিরাপদ পুনর্বাসনসহ নগরীর পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে চাহিদা অনুযায়ী সামাজিক সুরক্ষা সেবার আওতায় আনবে বিএনপি। 

একই সঙ্গে বস্তিবাসীর আবাসন সংকট দূর করতে ছোট ছোট ফ্ল্যাট নির্মাণ করে প্রত্যেকের নামে রেজিস্ট্রি করে দেওয়ার উদ্যোগ নেবে বিএনপি। ইশতেহারে বলা হয়, বস্তি ছাড়ার আগেই প্রত্যেককে তাদের জন্য বরাদ্দ ফ্ল্যাটের কাগজপত্র দেওয়া হবে। শুধু তাই নয়, বস্তির শিশুদের শিক্ষা ও সবার স্বাস্থ্য উন্নয়নেও পদক্ষেপ নেবে দলটি। 

ইশতেহারে বলা হয়েছে, এসব পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে ঢাকাকে যানজটমুক্ত, নিরাপদ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করবে বিএনপি।