দ. আফ্রিকাকে এগিয়ে রাখলেও কলকাতায় টস বড় ফ্যাক্টর মনে করছেন কার্তিক

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে আসা চার দলের মধ্যে একমাত্র দক্ষিণ আফ্রিকা এখন পর্যন্ত কোনো ম্যাচ হারেনি। আফগানিস্তানের বিপক্ষে ডাবল সুপার ওভারের রোমাঞ্চকর ম্যাচটি বাদ দিলে প্রতিটি ম্যাচই তারা জিতেছে দাপট দেখিয়ে। ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার দীনেশ কার্তিকের মতে, দক্ষিণ আফ্রিকাই এখন সবচেয়ে এগিয়ে থাকা দল। তবে শিশিরের কারণে কলকাতায় টস হয়ে যেতে পারে ম্যাচের ভাগ্য নির্ধারক।

ইডেন গার্ডেন্সে আজ সন্ধ্যা সাড়ে সাতটায় সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনালের দৌড়ে নামার আগে প্রোটিয়ারা আছে দারুণ ফুরফুরে মেজাজে; দলটির প্রায় প্রতিটি ক্রিকেটারই আছেন ছন্দে।

সাবেক ইংলিশ তারকা নাসের হুসেইন ও মাইক আথারটনের সঙ্গে স্কাই স্পোর্টসের পডকাস্টে সেমিফাইনাল নিয়ে আলোচনা করেন কার্তিক। তার মতে, ভারতের চেয়ে এখন ভালো অবস্থায় আছে দক্ষিণ আফ্রিকা। তিনি বলেন, 'সবাই ভারতের কথা বললেও আমার মনে হয় দক্ষিণ আফ্রিকাই এখন সবচেয়ে বেশি ইউনাইটেড ক্রিকেট খেলছে। স্টাবস, ব্রেভিস—সবাই নিজের রোল পালন করছে। যদি একজন ভালো রিস্ট স্পিনার থাকত, তবে তারা একদম নিখুঁত টি-টোয়েন্টি দল হতো। তবে তাদের ফিঙ্গার স্পিনাররা দারুণ ভূমিকা রাখছে।'

ইডেনে বছরের এই সময়ে রাতের আলোয় হানা দেয় শিশির। পরে ব্যাট করলে রান তাড়া করা সুবিধাজনক হয়ে ওঠে, কারণ তখন বল ব্যাটে আসে ভালো। শিশিরের কারণে স্পিনাররা বল গ্রিপ করতে বেগ পান। কার্তিক তাই টস জেতাকে এই ম্যাচে বিশাল সুবিধা হিসেবে দেখছেন। তিনি বলেন, 'টস অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশির পড়লে যারা পরে ব্যাটিং করবে তাদের জন্য ৭০-৩০ শতাংশ সুবিধা থাকবে। অ্যান্টি-ডিউ স্প্রে ব্যবহার করলেও খুব একটা লাভ হয় না।'