সেমিতে যেতে পাকিস্তানকে মেলাতে হবে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের শেষ ধাপে এখন রোমাঞ্চ তুঙ্গে। নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের জয় পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্নকে বাঁচিয়ে রাখলেও, শেষ চারে জায়গা করে নিতে কেবল জয়ই যথেষ্ট নয় সালমান আলী আঘার দলের জন্য। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের নামতে হবে রান রেটের এক পাহাড়সম সমীকরণ মাথায় নিয়ে।

বর্তমানে ৩ পয়েন্ট এবং +১.৩৯০ নেট রান রেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। অন্যদিকে, ১ পয়েন্ট ও -০.৪৬১ রান রেট নিয়ে তলানির দিকে থাকা পাকিস্তানের সামনে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। নিউজিল্যান্ডের সব ম্যাচ শেষ হয়ে যাওয়ায় এখন কেবল দর্শক হয়ে তাকিয়ে থাকতে হবে পাকিস্তান-শ্রীলঙ্কা লড়াইয়ের দিকে।

সেমিফাইনালের সমীকরণ: ৬৫ রান অথবা ১৩ ওভার

নিউজিল্যান্ডকে টপকে সেমিফাইনালের টিকিট পেতে হলে পাকিস্তানকে দাসুন শানাকার লঙ্কানদের বিপক্ষে বিশাল ব্যবধানে জিততে হবে। সমীকরণ বলছে:

  • প্রথমে ব্যাটিং করলে: লঙ্কানদের হারাতে হবে অন্তত ৬৫ রানের বেশি ব্যবধানে।

  • রান তাড়া করলে: লক্ষ্য যাই হোক না কেন, তা পেরিয়ে যেতে হবে মাত্র ১৩ ওভারের মধ্যে।

তবে ম্যাচের প্রথম ইনিংসের স্কোর কার্ডের ওপর ভিত্তি করে এই পরিসংখ্যানে সামান্য রদবদল আসতে পারে। কিন্তু মূল লক্ষ্যটা যে বড় জয়, তা বলাই বাহুল্য।

নিউজিল্যান্ডের সঙ্গে পাকিস্তানের গুরুত্বপূর্ণ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল সালমান আলীদের। এরপর ইংল্যান্ডের কাছে সরু ব্যবধানে হার তাদের খাদের কিনারায় ঠেলে দিলেও, সেই ইংল্যান্ডই আবার কিউইদের হারিয়ে পাকিস্তানের পথ করে দিয়েছে। ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে লঙ্কানদের ৬১ রানের জয় নিউজিল্যান্ডকে সুবিধাজনক অবস্থানে রাখলেও ইংল্যান্ডের লোয়ার অর্ডারের দৃঢ়তায় ৫8 রানে ৪ উইকেট হারিয়েও ১৬০ রানের লক্ষ্য তাড়া করে জেতায় নতুন করে আশা দেখছে পাকিস্তান।

ফারহানের সামনে কোহলিকে ছাড়ানোর সুযোগ

দলের সেমিফাইনাল ভাগ্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনের হাতছানি রয়েছে পাকিস্তানি ব্যাটার শাহিবজাদা ফারহানের সামনে। একটি টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ৩১৯ রানের রেকর্ডটি বর্তমানে বিরাট কোহলির দখলে। আসরে এখন পর্যন্ত ২৮৩ রান করা ফারহানের প্রয়োজন আর মাত্র ৩৭ রান। লঙ্কানদের বিপক্ষে এই রান করতে পারলেই তিনি বনে যাবেন বিশ্বকাপের এক আসরের সফলতম ব্যাটার।

সহ-আয়োজক হিসেবে শ্রীলঙ্কা আসর থেকে ছিটকে গেলেও তারা চাইবে জয় দিয়ে শেষ করতে। এখন দেখার বিষয়, লঙ্কান বাধা পেরিয়ে পাকিস্তান নেট রান রেটের সমীকরণ মেলাতে পারে কিনা।