বিশ্বকাপে কেউ আপনাকে এমনি এমনি কিছু দিয়ে দেবে না: মেসি
কেপ ভার্দের বিপক্ষে কষ্টার্জিত জয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করার পর নিজেদের পারফরম্যান্সের সমালোচনা করলেন লিওনেল মেসি। পাশাপাশি আগামীতে ভুল শুধরে নেওয়ার আশাবাদ জানিয়ে বর্তমান স্কোয়াডের ওপর তার অগাধ আস্থা তুলে ধরলেন আর্জেন্টিনার অধিনায়ক।
বাংলাদেশ সময় শনিবার সকালে এবারের বিশ্বকাপে বিস্ময়ের জন্ম দেওয়া কেপ ভার্দে নামক বাধা অতিক্রম করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। অতিরিক্ত সময়ে গড়ানো শেষ বত্রিশের নাটকীয় ম্যাচে তারা জিতেছে ৩-২ ব্যবধানে। উত্তেজনায় ঠাসা লড়াইয়ে শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ১১১তম মিনিটে ডিনি বোর্জেসের আত্মঘাতী গোল।
ম্যাচের পর সংবাদমাধ্যমকে আর্জেন্টিনার মহাতারকা মেসি বলেন, ‘তারা (কেপ ভার্দে) বেশ আক্রমণাত্মকভাবেই শুরু করেছিল। আমরা জানতাম কাজটা কঠিন হবে। এটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি প্রতিযোগিতা এবং এখানে কেউ আপনাকে এমনি এমনি কিছু দিয়ে দেবে না। সাধারণত দলের নামের ওপর ভিত্তি করে আমরা তাদের মর্যাদার মূল্যায়ন করলেও আমরা জানতাম কাজটা মোটেও সহজ হবে না। বিশেষ করে, এবারের বিশ্বকাপের অন্যতম বৈশিষ্ট্য এটিই।’
৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড যোগ করেন, ‘এখানে (বিশ্বকাপে) লড়াই সমানে সমান, সবকিছু বেশ জটিল। প্রতিটি ম্যাচই চরম কঠিন হতে যাচ্ছে। ভালো খেলি বা খারাপ, বরাবরের মতোই আজ আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্রাম নেওয়া, সামনে কী আসছে তা নিয়ে ভাবা এবং ইতিবাচক দিকগুলো গ্রহণ করা। ইতিবাচক দিক আছেও, কারণ আমরা কিছু ভালো কাজ করেছি। পাশাপাশি খারাপ দিকগুলো শুধরে নিতে হবে, যা আমার মনে হয়, আজ অনেকগুলোই ছিল।’
প্রথমার্ধের মাঝামাঝি সময়ে মেসির গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের শুরুর দিকে দেরয় দুয়ার্তের লক্ষ্যভেদে সমতা টানে কেপ ভার্দে। নির্ধারিত সময়ে আর কোনো গোল না হলে খেলার আয়ু বাড়ে। এরপর অতিরিক্ত সময়ের প্রথমার্ধের শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের কল্যাণে আর্জেন্টিনা ফের লিড নেওয়ার পর শেষদিকে স্কোরলাইন ২-২ করেন সিডনি লোপেস কাবরাল।
খেলা যখন টাইব্রেকারের দিকে এগোচ্ছিল, তখন ম্যাচের ১১১তম মিনিটের আত্মঘাতী গোল গড়ে দেয় ব্যবধান। মেসির কর্নারে ক্রিস্তিয়ান রোমেরো হেড করার পর বল বোর্জেসের হাতে লেগে জালে জড়ায়। তৃতীয় দফায় পাওয়া লিড ধরে রেখে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
এবারের বিশ্বকাপে সাত গোল নিয়ে গোলদাতাদের তালিকায় এক নম্বরে থাকা মেসি বলেন, ‘এই দল (আর্জেন্টিনা) দীর্ঘদিন ধরেই এটা প্রমাণ করে আসছে— তারা লড়াই করে এবং শেষ পর্যন্ত লড়াই করে যাবে। আজ আমরা সেট পিস কাজে লাগিয়েছি, যা সাম্প্রতিক সময়ে আমরা খুব একটা ভালোভাবে করতে পারছিলাম না। এ ধরনের ম্যাচে এটি খুব গুরুত্বপূর্ণ। আমাদের দলে হেড দেওয়ার মতো ভালো কয়েকজন আছে, যারা শূন্যে বল দখলে বেশ পারদর্শী।’
কেপ ভার্দের বিপক্ষে গোল করে বিশ্বকাপের মঞ্চে টানা আট ম্যাচে জাল কাঁপানো এই ফরোয়ার্ড যোগ করেন, ‘আজ আমরা সেটির (সেট পিস) সুবিধা নিতে পেরেছি এবং এটি বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আমরা বেশ কিছুদিন ধরেই আক্রমণ ও রক্ষণ— উভয় ক্ষেত্রেই এটি নিয়ে কাজ করছি। এ ধরনের প্রতিযোগিতায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর। আটলান্টায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার রাত ১০টায়। এখন পর্যন্ত আন্তর্জাতিক পর্যায়ে দুই দলের দেখা হয়েছে দুবার। দুটি ম্যাচই জিতেছে আর্জেন্টিনা।