আর্জেন্টিনা কয় গোলে হারবে— যে ভবিষ্যদ্বাণী করলেন কেপ ভার্দের প্রেসিডেন্ট
ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে কেপ ভার্দে নিজেদের ‘ভাগ্য নিজেরাই গড়ার’ ধারা অব্যাহত রাখবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেস।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে নেভেস বলেছেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারাতে পারে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা জেতার জন্যই খেলছি... যখন কোনো দলের প্রতি প্রত্যাশা কম থাকে এবং সেই দলের যদি জেতার তীব্র আকাঙ্ক্ষা থাকে, তখন যেকোনো কিছুই সম্ভব। কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সবসময় এই চেষ্টাই করা উচিত— মানুষকে প্রতিনিয়ত চমকে দেওয়া।’
মায়ামিতে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোর ৪টায় তিনবারের বিশ্বকাপজয়ী আলবিসেলেস্তেদের মুখোমুখি হবে ব্লু শার্করা। ওই ম্যাচের আগে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট নেভেস।
আটলান্টিক মহাসাগরের ১০টি দ্বীপের সমন্বয়ে গঠিত কেপ ভার্দে এবারই প্রথম বিশ্বকাপের মঞ্চে খেলছে। আর নকআউট পর্বে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে তারা দ্বিতীয়বারের মতো ইতিহাস গড়েছে।
ফুটবলের মহাযজ্ঞে নিজেদের উদ্বোধনী ম্যাচে ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে অবিশ্বাস্য গোলশূন্য ড্র দিয়ে আসর শুরু করে তারা। সেখানে নায়ক ছিলেন ৪০ বছর বয়সী গোলরক্ষক ভোজিনিয়া। চমক দেখানোর ধারা জারি রেখে এরপর দুইবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে দলটি।
আর গত শনিবার সৌদি আরবের সঙ্গেও গোলশূন্য ড্র করে গ্রুপ পর্বে অপরাজিত থাকে কেপ ভার্দে। শুধু তাই নয়, উরুগুয়ের বিপক্ষে স্পেনের জয়ের সুবাদে ‘এইচ’ গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে খেলা নিশ্চিত করে তারা।
প্রতিপক্ষকে চমকে দেওয়ার নতুন এক খ্যাতি সঙ্গী করে এবার মহাতারকা লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হতে যাচ্ছে দলটি।
ফিফার বিশ্ব র্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ৬৩ ধাপ। দক্ষিণ আমেরিকার দলটি যেখানে বিশ্বের শীর্ষস্থান দখল করে আছে, সেখানে কেবল আফ্রিকা মহাদেশেই কেপ ভার্দের অবস্থান ১৩ নম্বরে।
প্রেসিডেন্ট নেভেস বলেছেন, ‘কেপ ভার্দে দলের শতভাগ বিশ্বাস ও শতভাগ আশা রয়েছে এবং তারা নিজেদের জার্সি পুরোপুরি ঘামে ভেজাবে (মাঠে সবটুকু উজাড় করে দেবে)। তাই আর্জেন্টিনার বিপক্ষে আমাদের জেতার শতভাগ সুযোগ রয়েছে।’
তিনি যোগ করেছেন, ‘নিজেদের ভাগ্য নিজেরা গড়তেই আমরা এই বিশ্বকাপে এসেছি, যার অর্থ চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়া। তাই একই দৃঢ়তা, একই ইচ্ছা এবং ম্যাচ জিতে পরবর্তী রাউন্ডে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়েই আমরা আর্জেন্টিনা ও মেসির মুখোমুখি হতে যাচ্ছি।’
নেভেসের এই বক্তব্য কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতোর কথারই প্রতিধ্বনি, যিনি ফুটবল অঙ্গনে বুবিস্তা নামেই বেশি পরিচিত। গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে নিজের দেশের পতাকা জড়িয়ে তিনি বলেছিলেন, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’