'এমনভাবে দৌড়াও যেন এটা তোমার জীবনের শেষ দিন', নেইমারকে বাবার আবেগঘন বার্তা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে ফিরতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। চোট কাটিয়ে অবশেষে বিশ্বকাপে মাঠে ফেরার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে নেইমার। স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্রাজিলের তারকা ফুটবলারের জন্য আবেগঘন এক বার্তা দিয়েছেন তার বাবা নেইমার সিনিয়র।

ম্যাচের আগে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন নেইমারের বাবা। সেখানে ব্রাজিল তারকার জীবনের নানা মুহূর্তের ছবি দেখানো হয়। পেছনে বাজতে থাকে সংগ্রাম ও ঘুরে দাঁড়ানোর গল্প বলা একটি গান। ভিডিওর শেষ দিকে শোনা যায় সেই আবেগঘন বার্তা, 'তাহলে দৌড়াও, দৌড়াও। এমনভাবে দৌড়াও যেন এটি তোমার জীবনের শেষ দিন।'

এই একটি বাক্যের ভেতরে যেন লুকিয়ে আছে নেইমারের পুরো ক্যারিয়ারের গল্প। চোট, সমালোচনা, প্রত্যাশার পাহাড়, অপূর্ণ স্বপ্ন আর বারবার ফিরে আসার এক অদম্য লড়াই।

এর পাশাপাশি ছেলের উদ্দেশে আরও একটি বার্তাও দিয়েছেন তিনি, 'এ পর্যন্ত আমাদের সাহায্য করেছেন সৃষ্টিকর্তা। সময় এসে গেছে। আমরা একসঙ্গে এই মুহূর্তগুলো উপভোগ করব। শুভকামনা ছেলে! শুভকামনা ব্রাজিল। ঈশ্বর তোমাদের আশীর্বাদ করুন এবং রক্ষা করুন।'

নেইমারের জন্য এই বিশ্বকাপের শুরুটা মোটেও সহজ ছিল না। ব্রাজিলিয়ান লিগে সান্তোসের হয়ে কোরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের কাফে চোট পান তিনি। সেই চোট তাকে বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ থেকে দূরে সরিয়ে দেয়। মরক্কোর বিপক্ষে ড্র এবং হাইতির বিপক্ষে জয়ের সময়ও মাঠের বাইরে থেকেই সতীর্থদের উৎসাহ দিয়েছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা।

পুনর্বাসনের পুরো সময়টা ছিল কঠিন। নিউ জার্সিতে দলের ক্যাম্পে থেকে দিনে দুই দফা অনুশীলন করেছেন তিনি। মাঠের অনুশীলনের পাশাপাশি জিমে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়েছেন। লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপে ফিরে আসা।

সেই প্রত্যাবর্তনের মুহূর্ত এখন প্রায় সামনে। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি ইতোমধ্যেই নিশ্চিত করেছেন, স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য নেইমার প্রস্তুত। আনচেলত্তি বলেছেন, 'সে প্রস্তুত। সে খুব ভালো অনুশীলন করেছে।'

গত কয়েক দিনের অনুশীলনেও নিজের পুরোনো ছন্দের আভাস দিয়েছেন নেইমার। মঙ্গলবার সংবাদমাধ্যমের জন্য উন্মুক্ত অনুশীলনের প্রথম অংশে তার গতি, তীব্রতা ও আত্মবিশ্বাস দেখে সন্তুষ্ট কোচিং স্টাফ।