লাউতারো না আলভারেজ— অস্ট্রিয়ার বিপক্ষে কাকে খেলাবেন স্কালোনি?
বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরু হয়েছে প্রত্যাশিত জয়েই। কানসাসে গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে স্বস্তিতেই থাকার কথা তাদের। অথচ আলবিসেলেস্তেদের ডেরায় এখন অন্য রকম এক আবহ, নতুন নতুন সব 'মধুর সমস্যা' এসে ভর করেছে কোচ লিওনেল স্কালোনির মাথায়।
সবচেয়ে বড় দোলাচলটা যথারীতি নাম্বার নাইন বা স্ট্রাইকারের পজিশনটি নিয়ে। তারকাখচিত আক্রমণভাগের চূড়ায় কাকে রাখবেন স্কালোনি? সেই চেনা লড়াইয়ে আরও একবার মুখোমুখি লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
আলজেরিয়ার বিপক্ষে দাপুটে জয়ের পরদিন কেবল জিম সেশনেই সীমাবদ্ধ ছিলেন আর্জেন্টিনার শুরুর একাদশে থাকা ফুটবলাররা। তবে শুক্রবার তারা নেমে পড়েছেন মাঠের অনুশীলনে। লক্ষ্য, আগামী সোমবার রাতে ডালাসে অনুষ্ঠেয় অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ।
আলজেরিয়ার বিপক্ষে ইন্টার মিলানের লাউতারোকে রেখে শুরুতে আক্রমণভাগ সাজিয়েছিলেন স্কালোনি। বিরতির পর ম্যাচের ৫৫তম মিনিটে তার জায়গায় মাঠে নামেন আলভারেজ। যদিও বিশ্বকাপ শুরুর প্রাক্কালে অ্যাতলেতিকো মাদ্রিদের আলভারেজই ছিলেন আর্জেন্টিনার কোচের প্রথম পছন্দ।
ঠিক যেন গত কাতার বিশ্বকাপের সেই চিত্রনাট্য! সেবারও প্রথম পছন্দের স্ট্রাইকার হিসেবে টুর্নামেন্ট শুরু করেছিলেন লাউতারো। কিন্তু ফর্ম আর পরিস্থিতির মারপ্যাঁচে গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে শুরুর একাদশে জায়গা পাকা করে নেন আলভারেজ। বাকিটা তো ইতিহাস— সেমিফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া লক্ষ্যভেদসহ মোট চার গোল করেন তিনি।
প্রথম ম্যাচের আগেই স্কালোনি ইঙ্গিত দিয়েছিলেন, গোড়ালির চোট কাটিয়ে পুরোপুরি ফিট আলভারেজ। তবে খেলা শেষে আবার লাউতারোর 'অবিশ্বাস্য শারীরিক পরিশ্রম' নিয়ে আলাদাভাবে প্রশংসা করতে ভোলেননি তিনি। এই পরিবর্তন ও প্রতিযোগিতা নিয়ে সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, 'কোচকে সব সময়ই সিদ্ধান্ত নিতে হয়— কে খেলবে, কে খেলবে না, কে মাঠে নামবে বা কে মাঠ থেকে উঠে যাবে। সবাই খেলতে চায়, এটাই স্বাভাবিক। কিন্তু দল গড়তে প্রয়োজন ১১ জন খেলোয়াড় এবং আমাদের লক্ষ্য থাকে মাঠের ভেতরে আদর্শ ভারসাম্যটা খুঁজে নেওয়া।'
অনুশীলন সেশন পর্যবেক্ষণ করা আর্জেন্টাইন সংবাদমাধ্যম ও সাংবাদিকদের দাবি, অস্ট্রিয়ার বিপক্ষে 'জে' গ্রুপের পরবর্তী ম্যাচে লাউতারোকে বেঞ্চে রেখে আলভারেজকেই শুরু খেলাতে পারেন স্কালোনি। দলের ভেতরের এই লড়াইকে ইতিবাচক চোখে দেখছেন বোকা জুনিয়র্সের সাবেক গোলরক্ষক কার্লোস নাভারো মনতোইয়া। বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন, 'এটা যেমন দারুণ এক সংশয়, তেমনি এক স্বাস্থ্যকর প্রতিযোগিতা।'
দুই স্ট্রাইকারের শক্তির জায়গাগুলো বিশ্লেষণ করে তিনি যোগ করেছেন, 'লাউতারো একজন দুর্দান্ত ফিনিশার। ও মূলত পেনাল্টি বক্সের ভেতরের স্ট্রাইকার। অন্যদিকে, আলভারেজ ডি-বক্সে উপস্থিতির পাশাপাশি নিচে নেমে খেলায় অবদান রাখতে পারে। প্রেসিংয়ের ক্ষেত্রে ওর শারীরিক তীব্রতাও হয়তো একটু বেশি।'
স্কালোনির ভাবনার পরিধি অবশ্য কেবল আক্রমণভাগেই সীমাবদ্ধ নয়, রক্ষণভাগ নিয়েও আছে কিছুটা অনিশ্চয়তা। রাইট-ব্যাক হিসেবে আলজেরিয়ার বিপক্ষে শুরু করেছিলেন গঞ্জালো মন্তিয়েল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই তার জায়গায় নামানো হয় সাধারণত এই পজিশনের জন্য প্রথম পছন্দ নাহুয়েল মোলিনাকে।
এদিকে চোটের কারণে লেফট-ব্যাক নিকোলাস তাগলিয়াফিকোকে নিয়েও শঙ্কা কাটেনি। প্রথম ম্যাচে তার জায়গায় খেলেছিলেন ফাকুন্দো মেদিনা। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, তাগলিয়াফিকো অনুশীলনে ফিরেছেন এবং তার চোটের দ্রুত উন্নতি হচ্ছে।