রোনালদো বললেন, পর্তুগালের বিশ্বকাপ ‘এখনই শেষ হয়ে যায়নি’

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের অন্যতম ফেভারিটের তকমা নিয়ে মাঠে নামা পর্তুগাল প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে। দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদোও ডিআর কঙ্গোর বিপক্ষে ছিলেন ভীষণ বিবর্ণ। তবে চারপাশের সব শঙ্কা ও দুশ্চিন্তা ঝেড়ে ফেলে তিনি জানিয়েছেন, ফুটবলের মহাযজ্ঞে তাদের মিশন এখনই শেষ হয়ে যায়নি।

গত বুধবার হিউস্টনে 'কে' গ্রুপের ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলের হতাশাজনক ড্রয়ে এবারের বিশ্বকাপ শুরু করেছে সাবেক ইউরো চ্যাম্পিয়নরা। সেদিন পুরো ৯০ মিনিট মাঠে থাকলেও লক্ষ্যে একটি শটও নিতে পারেননি ৪১ বছর বয়সী রোনালদো। ফলে বড় টুর্নামেন্টে (বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পয়নশিপ মিলিয়ে) এই অভিজ্ঞ ফরোয়ার্ডের গোলহীন থাকার খরা টানা ১০ ম্যাচে গিয়ে ঠেকেছে।

ইএসপিএনের সূত্রমতে, আফ্রিকান প্রতিপক্ষের সঙ্গে ম্যাচ শেষে গণমাধ্যমকে রোনালদো বলেন, দিনটি তাদের ছিল না, 'কোনো কিছুরই কমতি ছিল না। ফুটবল এমনই। পর্তুগাল জিততেও পারত, আবার হেরেও যেতে পারত।'

আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসির পর দ্বিতীয় ফুটবলার হিসেবে ষষ্ঠ বিশ্বকাপে খেলার রেকর্ড গড়েছেন রোনালদো। তবে ২০২১ সালের জুনের পর থেকে বিশ্বকাপ বা ইউরোর মঞ্চে পেনাল্টি ছাড়া কোনো ফিল্ড গোল করতে পারেননি তিনি। যদিও আন্তর্জাতিক ফুটবলে ১৪৩ গোল নিয়ে তিনিই পর্তুগাল ও ফুটবল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।

কঙ্গোর গোলমুখে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকার নেওয়া তিনটি শটের প্রতিটিই ছিল লক্ষ্যভ্রষ্ট। তবে বাস্তুবতা মেনে নিয়ে সামনে তাকিয়ে রোনালদো বলেন, 'আমরা যেমনটা চেয়েছিলাম তেমন শুরু হয়নি সত্যি, তবে এখনই সব শেষ হয়ে যায়নি। মাথা উঁচু রেখে এখন পরের ম্যাচে মনোযোগ দিতে হবে।'

ম্যাচ শেষে রোনালদোর কার্যকারিতা নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে দেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তার ভাষ্য, 'যখন আপনার গোলের প্রয়োজন, তখন বিশ্ব ফুটবলের সেরা গোলদাতাকে মাঠ থেকে তুলে নেওয়ার কোনো মানেই হয় না। আমাদের জন্য এই ধরনের মুহূর্তে ডি-বক্সে ক্রিস্তিয়ানোর অভিজ্ঞতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'

আগামী মঙ্গলবার রাতে হিউস্টনেই উজবেকিস্তানের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে পর্তুগাল। আর ২৮ জুন ফ্লোরিডার মায়ামিতে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে তারা শেষ করবে গ্রুপ পর্বের অভিযান।