সমর্থকদের ধৈর্যের আহ্বান আনচেলত্তির
মরক্কোর বিপক্ষে হতাশাজনক পারফরম্যান্সের পরও বিচলিত নন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপের প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলেও তিনি মনে করেন, একটি ম্যাচ দিয়েই পুরো টুর্নামেন্টের ভবিষ্যৎ নির্ধারণ করা যায় না। তাই দলকে নিয়ে হতাশ না হয়ে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অভিজ্ঞ ইতালিয়ান কোচ।
শনিবার নিউ জার্সিতে অনুষ্ঠিত গ্রুপ ‘সি’র ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ার পর এক পর্যায়ে ১৯৩৪ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে হারার শঙ্কায় পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে ভিনিসিয়ুস জুনিয়রের অসাধারণ এক গোল ব্রাজিলকে অন্তত এক পয়েন্ট এনে দেয়।
ম্যাচ শেষে আনচেলত্তি স্বীকার করেন, তার দল মোটেও নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি। তিনি বলেন, 'আমার মনে হয় এটি কঠিন একটি ম্যাচ ছিল, বিশেষ করে শুরুতে। দলটিকে কিছুটা উদ্বিগ্ন ও নার্ভাস মনে হয়েছে।'
ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্টি থাকলেও এখনই নেতিবাচক হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি, 'আমরা ভালো খেলিনি, কিন্তু এজন্য আমাদের হতাশ হওয়া চলবে না। এটি বিশ্বকাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই সবকিছু নিখুঁত হবে, এমনটা আশা করা ঠিক নয়।'
ড্রকে খারাপ ফল বলতে রাজি নন ব্রাজিল কোচ। দলকে এখন সামনে তাকাতে হবে জানিয়ে বলেন, 'এটাই আমরা পেয়েছি। ফলটা খুব খারাপ নয়। দ্বিতীয় ম্যাচ থেকে আমরা আরও উন্নতি করার চেষ্টা করব। প্রথম ম্যাচের ওপর ভিত্তি করে কখনও বিশ্বকাপ জেতা যায় না।'
ব্রাজিলের সমতাসূচক গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়রও ম্যাচের শুরুটা নিয়ে হতাশা প্রকাশ করেছেন। শুরুতেই নিজেদের ছন্দ খুঁজে না পাওয়ার মূল্য দিতে হয়েছে দলকে বলেন তিনি, 'আমরা ম্যাচটা খুব খারাপভাবে শুরু করেছি। প্রথম গোল হজম করার পর আবার খেলায় ফিরে আসা কঠিন হয়ে যায়। এটি প্রথম ম্যাচ, তাই এমন পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে।'
তবে ভিনিসিয়ুসও বিশ্বাস করেন, সময়ের সঙ্গে সঙ্গে ব্রাজিল আরও ভালো খেলবে। 'আমাদের উন্নতি করতে হবে এবং ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। কারণ প্রতিযোগিতা তো এখনই শুরু হয়েছে। এটি বিশ্বকাপ, এখানে কোনো সহজ ম্যাচ নেই,' বলেন তিনি।
ম্যাচ বিশ্লেষণ করতে গিয়ে নিজের দলের ঘাটতির কথাও স্পষ্টভাবে স্বীকার করেছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, 'এ মুহূর্তে খুব বেশি কিছু বলার নেই। আমাদের শুধু আরও উন্নতি করতে হবে।'