পর্তুগালকে নিয়ে দারুণ আশাবাদী রোনালদো বললেন, ‘সব ভালোভাবেই যাবে’
বিশ্বকাপের মূল ক্যাম্পে যোগ দিতে পর্তুগাল দলের সঙ্গে লিসবন ছাড়ার আগে আত্মবিশ্বাসের সুর শোনা গেছে ক্রিস্তিয়ানো রোনালদোর কণ্ঠে। ৪১ বছর বয়সী এই মহাতারকা জানিয়েছেন, টুর্নামেন্ট শুরুর আগে তিনি খুবই ইতিবাচক বোধ করছেন। পাশাপাশি উল্লেখ করেছেন, পর্তুগিজ ফুটবলারদের এই প্রজন্মটি তাদের দেশের মানুষকে দারুণ কিছু উপহার দিতে প্রস্তুত।
সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে দলের বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল দেওয়ার আগে পাঁচবারের ব্যালন দি'অর জয়ী অভিজ্ঞ ফরোয়ার্ড বলেছেন, 'আমরা অনেক আশা নিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছি।'
আগামী ১৭ জুন হিউস্টনে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে পর্তুগাল। 'কে' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।
মাঠে নামার আগে আত্মবিশ্বাস প্রকাশ করে রোনালদো যোগ করেছেন, 'আমি খুবই ইতিবাচক বোধ করছি। আমার বিশ্বাস, সব ভালোভাবেই যাবে এবং আমরা দারুণ একটি পারফর্ম্যান্স উপহার দেব।'
তারকা আর প্রতিভায় ঠাসা পর্তুগালের বর্তমান দলটিকে নিয়ে তার ভাষ্য, 'এটি অত্যন্ত চমৎকার একটি প্রজন্ম... যা পর্তুগালের মানুষকে অনেক আনন্দ দেবে।'
৪১ বছর বয়সে এসে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ আসরে (আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে) খেলতে যাচ্ছেন রোনালদো। তবে কিছু মহলে গুঞ্জন রয়েছে যে, তার উপস্থিতি কোচ রবার্তো মার্তিনেজের শক্তিশালী দলটির স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি করতে পারে।
সাম্প্রতিক দিনগুলোতে চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে পর্তুগাল। দুটি ম্যাচই তারা জিতেছে ২-১ ব্যবধানে। তবে এই ম্যাচগুলোতে রোনালদো কোনো গোল পাননি, বরং বেশ কিছু ভালো সুযোগ নষ্ট করেছেন।
শারীরিকভাবে পুরোপুরি ফিট আছেন দাবি করে পর্তুগিজ অধিনায়ক রোনালদো আরও বলেছেন, 'আমাদের প্রস্তুতি খুব ভালো হয়েছে, তবে বেশ ক্লান্তিকর ছিল, কারণ আমরা কঠোর পরিশ্রম করেছি।'
এবারের বিশ্বকাপে নিজেদের পরিকল্পনা তুলে ধরেছেন তিনি, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, শুরুটা ভালো করা, প্রথম ম্যাচটি দিয়ে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ... গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ করা এবং সেখান থেকে ম্যাচ ধরে ধরে এগিয়ে যাওয়া।'
ইতিহাসের পাতায় বিশ্বকাপের মঞ্চে পর্তুগালের সেরা সাফল্য ১৯৬৬ সালে তৃতীয় স্থান অর্জন করা। আর চার বছর আগে কাতারে অনুষ্ঠিত গত আসরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল তারা।