বিশ্বকাপের মাসকট সেজে অভিযুক্ত মাদক ব্যবসায়ীকে ধরলো পুলিশ
মাদক ব্যবসায় অভিযুক্ত এক ব্যক্তিকে ধরতে অভিনব কৌশলের আশ্রয় নিয়েছে পেরুর পুলিশ। এবারের বিশ্বকাপের তিন মাসকট ম্যাপল, জায়ু ও ক্লাচ সেজে বোকা বানিয়ে ওই আসামীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।
দেশটির রাজধানী লিমায় গতকাল বৃহস্পতিবার ঘটেছে এই অভিনব ঘটনা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক ছোট ভিডিওতে দেখা যায়, মাসকটের সাজে ছদ্মবেশে থাকা পুলিশ সদস্যরা একটি ভবনের সিঁড়ি বেয়ে এক ব্যক্তিকে তাড়া করছেন। পরবর্তীতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওই ভিডিওতে পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছিলাম, আমরা যাকে গ্রেপ্তার করতে চলেছি সে ফুটবলের বিরাট ভক্ত। চলমান বিশ্বকাপ নিয়ে খুব উত্তেজনায় ছিল সে। তাই আমরা গ্রিন স্কোয়াডের সদস্যরা মাসকট সেজে তার সাথে কথা বলি, যেন বাজারের মতো জনবহুল এলাকায় কারোর মনে কোনো সন্দেহের উদ্রেক না হয়’।
২০২৬ সালের বিশ্বকাপে তিন স্বাগতিক দেশের জন্য তিনটি মাসকট নির্ধারণ করা হয়েছে। ম্যাপল প্রতিনিধিত্ব করছে কানাডার, জায়ু মেক্সিকোর এবং ক্লাচ হলো যুক্তরাষ্ট্রের মাসকট।
এবারের বিশ্বকাপে ল্যাটিন আমেরিকা থেকে রেকর্ড ৭টি দল বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ পেলেও পেরু বাছাইপর্ব পার হতে পারেনি। দশ দলের মধ্যে নবম হয়ে বাছাইপর্ব শেষ করে দলটি। সবশেষ ২০১৮ সালে বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল পেরু।