বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে অভিবাসন নীতি পুনর্বিবেচনার আহ্বান জাতিসংঘের

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর আগেই যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রকে তাদের বর্তমান অভিবাসন নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন সংস্থাটির মানবাধিকারবিষয়ক প্রধান ভলকার টুর্ক। যখন কিছু সমর্থক, একজন আন্তর্জাতিক রেফারি এবং কয়েকজন দলের কর্মকর্তা ভিসা জটিলতার কারণে টুর্নামেন্টের বাইরে থেকে গেছেন, তখনই ই মন্তব্য করেন তিনি।

এবারের বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় আসর। প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নিচ্ছে এবং যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে প্রতিযোগিতাটি। কয়েক মিলিয়ন সমর্থকের উপস্থিতিতে ছয় সপ্তাহব্যাপী এই আয়োজনকে ঘিরে উন্মাদনার কমতি নেই। তবে মাঠের বাইরের কিছু ঘটনা সেই উৎসবের আবহে অস্বস্তির ছায়া ফেলেছে।

বিশেষ করে সোমালিয়ার রেফারি ওমর আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না দেওয়ার ঘটনা নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। আফ্রিকার অন্যতম শীর্ষ ম্যাচ কর্মকর্তা হিসেবে পরিচিত আরতানের বিশ্বকাপে দায়িত্ব পালনের কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি দেশটিতে প্রবেশ করতে পারেননি। এই ঘটনাকে অনেকেই যুক্তরাষ্ট্রের কঠোর অভিবাসন নীতির প্রতিফলন হিসেবে দেখছেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভলকার টুর্ক বলেন, তিনি আশা করেন বর্ণভিত্তিক প্রোফাইলিং এবং অভিবাসন আইন প্রয়োগের বর্তমান পদ্ধতি বিশ্বকাপকে আর প্রভাবিত করবে না। একই সঙ্গে তিনি অভিবাসন নীতি মানবাধিকার ও মানবিক মর্যাদার ওপর কী প্রভাব ফেলছে, তা নতুন করে ভাবার আহ্বান জানান।

টুর্কের মতে, বিশেষ করে বিশ্বকাপের মতো বৈশ্বিক আয়োজনের সময় অভিবাসন নীতির ক্ষেত্রে আরও মানবিক ও অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি প্রয়োজন। তিনি অভিবাসী, শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের প্রতি অমানবিক আচরণ এবং বিভাজনমূলক বক্তব্য বন্ধ করারও আহ্বান জানান।

এদিকে রাজনৈতিক উত্তেজনাও বিশ্বকাপকে প্রভাবিত করছে। ইরানকে ঘিরে পরিস্থিতি সবচেয়ে বেশি আলোচিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের কারণে ইরান দলকে তাদের প্রস্তুতি পরিকল্পনা পরিবর্তন করতে হয়েছে। যুক্তরাষ্ট্রের বদলে তারা নিজেদের অনুশীলন ঘাঁটি সরিয়ে নিয়েছে মেক্সিকোতে।

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের সমর্থকদের জন্য বরাদ্দ টিকিট বাতিল করা হয়েছে। পাশাপাশি দলের কয়েকজন কর্মকর্তা ও সহায়ক কর্মীও ভিসা পাননি। ইরানি কর্তৃপক্ষ এই পদক্ষেপকে “ইচ্ছাকৃত ও বৈষম্যমূলক” বলে আখ্যা দিয়েছে।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ বৃহস্পতিবার মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।